ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ জঙ্গি সংগঠনের নাম ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের তফসিলে যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তা হলে নিষিদ্ধ এই সংগঠনগুলোর সদস্যদের সন্ত্রাসবিরোধী আইনে বিচার সহজ হবে বলে জানিয়েছেন সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।
এই পাঁচ সংগঠন হচ্ছে- জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ আল ইসলাম (হুজি), হিযবুত তাহরীর বাংলাদেশ এবং শাহাদাত-ই আল হিকমা।
সন্ত্রাসবিরোধী আইনে হিযবুত তাহরীরের চার সদস্যের জামিন নিয়ে উচ্চ আদালতের দেয়া এক আদেশের পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, নিষিদ্ধ এই সংগঠনগুলোকে সন্ত্রাসবিরোধী আইনে তফসিলভুক্ত করে শিগগিরই সরকারের আদেশ জারি হবে বলে তিনি জেনেছেন।
২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইন করা হয়। বিভিন্ন উগ্রবাদী সংগঠনের নেতাকর্মীদের এই আইনের অধীনে বিচারের মুখে আনা হচ্ছে।
“তবে তারা (পাঁচ সংগঠন) এই আইনে তফসিলভুক্ত না হওয়ায় নানা ফাঁক-ফোকর গলিয়ে বের হয়ে যেত। তফসিলভুক্ত হলে এসব সংগঠনের সদস্যদের সন্ত্রাসবিরোধী আইনে বিচার সহজ হবে।”
এই সব সংগঠনের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকেও ওই আইনের অধীনে বিচার করা যাবে বলে অ্যাটর্নি জেনারেল জানান।
মহানগর দায়রা জজকে কারণ দর্শানোর নোটিস
সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্ত প্রতিবেদন আমলে নেয়ার ক্ষেত্রে যথাযথ আইন অনুসরণ না করার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের কাছে ব্যাখ্যা চেয়েছে হাই কোর্ট। আগামী ২৬ নভেম্বরের মধ্যে তাকে এই ব্যাখ্যা দিতে হবে।
একই বিষয়ে ব্যাখ্যা দিতে তিন পুলিশ কর্মকর্তাকে তলব করেছে হাই কোর্ট। ২৬ নভেম্বর তাদেরকে আদালতে হাজির হতে হবে।
আদেশের পর দুপুরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও জামিন প্রার্থীর আইনজীবী কুমার দেবুল দে সাংবাদিকদের নিশ্চিত বলেছিলেন, মহানগর দায়রা জজ জহুরুল হককেও তলব করেছে আদালত।
পরে সন্ধ্যার পর ওই আদালতের সহাকারি অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদেশে মহানগর দায়রা জজকে তলবের বিষয়টি নেই।
এ বিষয়ে পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত মহানগর দায়রা জজ মো. জহুরুল হককেও তলবের আদেশ দিয়েছে বলে আমি জানি। তবে আদেশ স্বাক্ষর হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় তা পরিবর্তনের এখতিয়ার আদালত রাখেন।”
সন্ত্রাসবিরোধী আইনে করা দুটি মামলায় চার আসামির জামিনের আবেদনের শুনানি করে হাই কোর্ট এ আদেশ দেয়।
গত ১৮ অক্টোবর করা ওই জামিন আবেদনের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, দুটি মামলার তদন্ত এবং অপরাধ আমলে নেয়ার ক্ষেত্রে আইন মানা হয়নি।
সন্ত্রাসবিরোধী আইনের ৪০ (১) ধারায় বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া কোনো পুলিশ কর্মকর্তা এই আইনের অধীনে কোনো অপরাধ তদন্ত করতে পারবে না। আর ৪০ (২) ধারায় বলা হয়, সরকারের অনুমতি ছাড়া কোনো আদালত এই আইনের অধীনে কোনো অপরাধ বিচারের জন্য আমলে নিতে পারবে না।
আবেদনকারীর আইনজীবী কুমার দেবুন দে বলেন, হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে গ্রেপ্তার নূর মো. খোকা ও সাফায়াত জামিল সোহাগের বিরুদ্ধে গত ২৫ জুন মোহাম্মদপুর থানায় এবং মো. আরিফুল ইসলাম ও মো. আরিফ করিমের বিরুদ্ধে ১১ জুন শেরে বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা হয়। কিন্তু তদন্তের ক্ষেত্রে ওই আইন মানা হয়নি।
এছাড়া গত ৪ অক্টোবর মোহাম্মদপুর থানার এবং ২০ সেপ্টেম্বর শেরে বাংলা নগর থানার মামলা দুটিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে নেয়ার ক্ষেত্রেও বিচারক মো. জহুরুল হক আইন অনুসরণ করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২১২০ ঘ.
bdnews24