চট্টগ্রাম, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন স্থানে স্থাপিত অবৈধ বিলবোর্ড অপসারণের জন্য দশ সদস্যের একটি কমিটি করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
সোমবার সিটি মেয়র মনজুর আলমের সঙ্গে চিটাগাং অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় নগরীতে বিলবোর্ড স্থাপন এবং তা অপসারণের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নেরও সিদ্ধান্ত হয়।
সিসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দশ সদস্যের এই কমিটিতে সিটি করপোরেশন থেকে চারজন, বিলবোর্ড মালিকদের সংগঠনের পক্ষ থেকে তিনজন, রেলওয়ে, বন্দর ও সিডিএ থেকে একজন করে প্রতিনিধি থাকবেন।
সভায় মেয়র মনজুর আলম বলেন, চট্টগ্রাম নগরীর বেশকিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে অবৈধ বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এসব বিলবোর্ডের কারণে নগরীর সৌন্দর্য হারিয়ে যাবার পথে। এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ করপোরেশনকে দায়ী করছে।
বিলবোর্ড খাত থেকে রাজস্ব বাবদ মাত্র দুই কোটি টাকা আয় হয় উল্লেখ করে মেয়র বলেন, এই অর্থ আয়ের জন্য কোনোভাবেই করপোরেশনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন হতে দেয়া যায় না।
অবৈধ বিলবোর্ড অপসারণে গঠিত কমিটি তাদের প্রথম সভায় আলাপ-আলোচনার মাধ্যমে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করবে বলে সভায় জানান মনজুর আলম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নগর পরিকল্পনা ও উন্নয়ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর মোহাম্মদ আজম, কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, সিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী, চিটাগাং অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মহিউদ্দিন বাচ্চু, সভাপতি ফরিদ মাহমুদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৪৮ ঘ.
bdnews24