২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা চূড়ান্ত হলে ‘হস্তক্ষেপ করবে’ আদালত

বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সংসদ সদস্যদের জন্য কোটা চালুর সিদ্ধান্ত চূড়ান্ত করা হলে তখন এ বিষয়ে আদেশ দেবে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 12:45 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সংসদ সদস্যদের জন্য কোটা চালুর সিদ্ধান্ত চূড়ান্ত করা হলে তখন এ বিষয়ে আদেশ দেবে আদালত। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের একটি রিট আবেদন সোমবার শুনানির জন্য উপস্থাপন করা হলে বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মো. রুহুল কুদ্দুসের বেঞ্চ এ কথা বলে। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী রোববার জানান, বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সংসদ সদস্যদের জন্য দুই শতাংশ কোটা রাখা হবে। এ জন্য সংশ্লিষ্ট নীতিমালা সংশোধন করার সিদ্ধান্ত হয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পক্ষে অ্যাডভোকেট জেড আই খান পান্না সোমবার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন নিয়ে হাই কোর্টে যান। ওই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কোটা প্রবর্তনের প্রক্রিয়া থেকে বিবাদিদের বিরত রাখতে কেন নির্দেশনা দেয়া হবে না- সে বিষয়ে রুল চাওয়া হয় রিট আবেদনে। এছাড়া কোটা প্রবর্তন প্রক্রিয়া চালিয়ে নেয়ার ওপর অর্র্ন্তবতীকালীন স্থগিত আদেশ চাওয়া হয়। জেড আই খান পান্না আদালতে বলেন, “এমপিদের জন্য প্রস্তাবিত এই কোটা সংবিধান বিরোধী। সংবিধানে বলা আছে, সকল মানুষ আইনের দৃষ্ঠিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। এই কোটা চালু হলে সংবিধান লঙ্ঘিত হবে। দুর্নীতি উৎসাহিত হবে।” এ সময় আদালত সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে রিটকারীর আইনজীবী পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বলেন, সোমবারই বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা। এ পর্যায়ে বিচারক বলেন, “বুঝেছি। চূড়ান্ত হোক, তারপর দেখা যাবে। যে শিশুর এখনো জন্ম হয়নি, তার উপরতো আমরা আদেশ দিতে পারি না।” তারপরও সরকার যাতে ওই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে না পারে- সেজন্য বাদীপক্ষ আদেশ চাইলে জবাবে আদালত বলে, “আজ (সোমবার) বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা- যা ইতিবাচক বা নেতিবাচক দুটোই হতে পারে। তাই আপনাদের আবেদনটি রেখে দিচ্ছি। সরকার যদি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে সিদ্ধান্তের অনুলিপিসহ আসবেন, আমরা ইন্টারফেয়ার করব।” জবাবে জেড আই খান পান্না বলেন, “ঠিক আছে, সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিলে আমরা সেদিনই আসব।” এই রিটে আইন ও সালিশ কেন্দ্র ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পক্ষে বাদী হয়েছেন অ্যাডভোকেট শাহরিয়ার শাকির ও অ্যাডভোকেট কাজী জাহেদ ইকবাল। এদিকে শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার কোটার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নীতিমালা চূড়ান্ত করার পর মঙ্গলবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিক ব্রিফ করবেন। মন্ত্রণালয়ের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ হয় এমন কোনো সিদ্ধান্ত হবে না বলেও মন্তব্য করেন সচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৬৩৫ ঘ.