ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষের ‘নিখোঁজ’ সাক্ষী সুখরঞ্জন বালীর সন্ধানে করা রিট আবেদনে মঙ্গলবার আদেশ দেবে হাই কোর্ট।
রোববার শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ আদেশের এই দিন ঠিক করেছে।
শুনানিতে রিট আবেদনকারী আবুল কালাম আজাদের পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, মো. মোমতাজ উদ্দিন ফকির ও মুরাদ রেজাও আদালতে ছিলেন।
শুনানিতে রাজ্জাক সাঈদীর সাফাই সাক্ষী সুখরঞ্জনের সন্ধানের জন্য সরকারের প্রতি আদালতের আদেশ চেয়েছেন।
আবেদনে সুখরঞ্জনকে ২৪ ঘণ্টায় হাজির করতে সরকারের প্রতি নির্দেশ চাওয়া হয়।
গত ৫ নভেম্বর ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে যাওয়ার সময় আদালতের ফটক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুখরঞ্জনকে তুলে নিয়ে যায় বলে সাঈদীর আইনজীবীদের অভিযোগ।
সুখরঞ্জনকে ‘তুলে নেয়া’ নিয়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বেশ হৈ চৈ করেন সাঈদীর আইনজীবীরা। এজন্য কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে ট্রাইব্যুনাল।
রিট আবেদনে পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, ঢাকার জেলা পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গোয়েন্দা শাখা), শাহবাগ থানার ওসিকে বিবাদী করা হয়েছে।
তাদের হেফাজতেই সুখরঞ্জন রয়েছেন বলে রিট আবেদনের বাদী আবুল কালাম আজাদের দাবি।
৫ নভেম্বর সুখরঞ্জনকে ‘তুলে নেয়ার’ পর আসামি পক্ষের আবেদনে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটারকে ঘটনাটি খতিয়ে দেখতে বলেন বিচারকরা।
প্রধান প্রসিকিউটার গোলাম আরিফ টিপু তখন ট্রাইব্যুনালকে জানান, তিনি পুলিশের সঙ্গে কথা বলেছেন, এই ধরনের কোনো ঘটনা তাকে কেউ জানাতে পারেননি।
অন্যদিকে সাঈদীর আইনজীবী মিজানুল ইসলামের দাবি, সুখরঞ্জন তার গাড়িতে চড়ে ট্রাইব্যুনালে যাওয়ার সময় ফটকে প্রায় ১৫ জন পুলিশের সামনে ‘সাদা পোশাকধারী লোকেরা’ তাকে তুলে নিয়ে যায়।
এর প্রমাণ হিসেবে ‘পুলিশ’ লেখা একটি গাড়ির ভেতরে সুখরঞ্জনের বসে থাকার ছবিও রয়েছে বলে দাবি করেন ওই আইনজীবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮৪৫ ঘ.
bdnews24