বরগুনা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার এক সাবেক সাংসদের বাড়িতে অবৈধভাবে নেয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বৃহস্পতিবার পাথরঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন বরগুনা-২ আসনের (পাথরঘাটা-বামনা-বেতাগী) সাবেক সাংসদ গোলাম সরোয়ার হিরুর বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।
পল্লী বিদ্যুৎ পাথরঘাটা এরিয়া অফিসের ইনচার্জ আমিনুল ইসলাম মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাংসদের কালমেঘার গ্রামের বাড়িতে একটি মসজিদ থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগটি দেয়া হয়েছিল। তারা খবর পেয়ে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
এ ব্যাপারে গোলাম সরোয়ার হিরু বলেন, সংযোগটি অবৈধ নয়। তিন/চারদিনের জন্য তিনি সাময়িকভাবে সংযোগটি নিয়েছেন।
হিরু ১৯৯৬ সালে ইসলামী ঐক্যজোট (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৯০২ ঘ.
bdnews24