২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংঘাত ছাড়া সমাধান আসবে না’

সাংবাদিক এবিএম মুসা মনে করেন, সংঘাত ছাড়া ‘নির্বাচন পদ্ধতি নিয়ে সৃষ্ট সঙ্কটের’ সমাধান হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 12:01 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল ও ‘নির্দলীয় সরকারের’ দাবিতে বিরোধী দলের আন্দালনের প্রেক্ষাপটে সাংবাদিক এবিএম মুসা বলেছেন, সংঘাত ছাড়া এ সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করেন না। শনিবার আইন বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘ল রিপোর্টার্স ফোরাম’ আয়োজিত এক সেমিনারের তিনি বলেন, “সংঘাতময় পরিস্থিতি ছাড়া অতীতে কোনো সঙ্কটের সমাধান হয়নি। রাজপথের সংঘাতের মাধ্যমেই সঙ্কটের সমাধান এসেছে। রাজপথে সংঘাতের মাধ্যমেই এর সামাধান হবে, আলোচনার টেবিলে বা মধ্য রাতের টকশোতে নয়। গ্রামে মাথা ফাটানোর পরই সালিশ হয়। ছিয়ানব্বইয়েও আগে সংঘাত হয়েছে, তারপর আলোচনা হয়েছে।” সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর রায় ও রাজনৈতিক সঙ্কট উত্তরণের উপায়’ শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের আইন সংবিধান ও নির্বাচন কমিশন বিষয়ক সম্পাদক সালেহউদ্দিন। মূল প্রবদ্ধ উপস্থাপন করেন ড. শাহদীন মালিক। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো তাদের গঠনতন্ত্র নিজেরা মানে না। তারা যতদিন গণতান্ত্রিক না হবে ততদিন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। দেশের সর্বোচ্চ আদালত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ঘোষণা করার পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়। পঞ্চদশ সংশোধনীর পর বর্তমান সংবিধান অনুযায়ী, ক্ষমতাসীন দলের অধীনেই আগামী নির্বাচন হবে। প্রধান বিরোধী দল বিএনপি শুরু থেকেই এর বিরোধিতায় শরিকদের নিয়ে আন্দোলন চালিয়ে আসছে। সেমিনারে অংশ নিয়ে এবিএম মুসা প্রশ্ন রাখেন, “যে পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, সেই পরিস্থিতির কি কোন পরিবর্তন হয়েছে? রাজনীতিবিদরা তাদের স্বার্থে সহজেই উল্টে যেতে পারেন। নীতি পরিবর্তন করতে পারেন। কিন্তু আমরা সাংবাদিকরা কি সহজেই উল্টে যেতে পারি?” ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন এবং পরে তা বাতিল করার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার ‘আদালতের কাঁধে বন্দুক রেখে’ সংবিধান সংশেধন করেছে। মূল প্রবন্ধে শাহদীন মালিক বলেন, হাই কোর্ট যে মামলার রায়ে ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছিল, তার ‘মূল বাদীরা’ আপিল বিভাগে ছিলেন না। তার ভাষায়, প্রধান বিচারপতি খায়রুল হক ২০১১ সালে ত্রয়োদশ সংশোধনী বাতিলের যে চূড়ান্ত রায় দিয়েছিলেন, তা ‘ঔপনিবেশিক চেতনায় আচ্ছন্ন’। ব্যারিস্টার রফিক-উল হক আলোচনায় বলেন, “মূল সঙ্কট হচ্ছে, নির্বাচনের সময় কোন সরকার ক্ষমতায় থাকবে? প্রধানমন্ত্রী সংবিধানের বাইরে গিয়ে একটি র্র্অন্তবতীকালীন সরকারের প্রস্তাব দিয়েছেন। সংসদে প্রতিনিধিত্বশীল সকল রাজনৈতিক দলের সমন্বয়ে এই র্র্অন্তবতীকালীন সরকার হতে পারে। ওই সরকারের প্রধান উপদেষ্টা নির্ধারণে দেশের অবসরপ্রাপ্ত তিন প্রধান বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করা যেতে পারে।” ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেন, “আমরা শুধু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মাতামাতি করছি। কিন্তু প্রাতিষ্ঠানিক কাঠামোকে শক্তিশালী করার কথা বলছি না। নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে দিয়েই।” নির্বাচনের সময় পুরো প্রশাসন কমিশনের হাতে ন্যাস্ত করা যেতে পারে বলেও মত প্রকাশ করেন তিনি। ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী র্র্অন্তবতীকালীন সরকারের যে প্রস্তাব দিয়েছেন, তার পর আর রাস্তার আন্দোলন চলতে পারে না। এই প্রস্তাব নিয়ে সব রাজনৈতিক দলের বসা উচিত। তবে ব্যারিস্টার রফিক-উল হকের প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করেন রোকন উদ্দিন মাহমুদ। তার মতে, তিন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটির প্রস্তাব দেশের কোনো রাজনৈতিক দল মানবে না। অন্যদিকে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। “সরকার থাকবে, সংসদও থাকবে এটা সম্ভব নয়। দেশকে রক্ষা করতে হলে সরকার পদ্ধতি নিয়ে ঐকমত্যে আসতে হবে। যদি আমরা ঐকমত্যে আসতে না পারি, তাহলে সরকারি দল-বিরোধী দল কেউই রেহাই পাবে না। দেশে যদি সামরিক শাসন আসে, তারা সংবিধান মেনে আসবে না। রায়ও দেখবে না।” সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু বলেন, ত্রয়োদশ সংশোধনীর রায় মান্য করা সবার জন্য বাধতামূলক। এক মুহূর্তের জন্য অনির্বাচিত সরকার এই সংবিধান গ্রহণ করে না। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারবে কি-না, সেটা বড় কথা নয়। আওয়ামী লীগ দেশে সুষ্ঠু নির্বাচন চায়। বিরোধী দল চাইলে সুপ্রিম কোর্টে রিভিউ আবেদন করতে পারে বা সংসদে এসে তাদের প্রস্তাব দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, বাংলাদেশের সংবিধানে আগেই রাজনৈতিক তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল। ত্রয়োদশ সংশোধনীতে নির্দলীয় তত্ত্ববাধয়ক সরকারের বিধান আনা হয়। “সারা দুনিয়ায় নির্বাচনের তিনটি শর্ত হলো- তা অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ হতে হবে। সব দেশে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হচ্ছে। আমাদেরকেও আলোচনার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে হবে।” তবে বর্তমান ব্যবস্থায় ৩০০ জন নির্বাচিত সংসদ সদস্য বহাল রেখেই নির্বাচন অনুষ্ঠানের যে বিধান রয়েছে- তা নিয়ে প্রশ্ন তোলেন সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “তাদের বহাল রেখে আরো ৩০০ জন কীভাবে নির্বাচিত হবে? নির্বাচন পদ্ধতি না বদলালে দুই দলের মাঝেই ক্ষমতার পালাবদল হবে। জনগণ তাদের হাতেই জিম্মি থাকবে।” অনুষ্ঠানের সভাপতি সালেহউদ্দিন বলেন, আলাপ আলোচনার মাধ্যমে সঙ্কট উত্তরণে ব্যর্থ হলে রাজনৈতিক দলগুলো ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। অন্যদের মধ্যে লেখক-সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন সেমিনারে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭৫৫ ঘ.