বেনাপোল, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া মজুরি পরিশোধের দাবিতে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছে।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ এর ডাকে বৃহস্পতিবার বিকাল থেকে কর্মবিরতি শুরু করে।
হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫) সভাপতি জাহাঙ্গীর আলম লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের অক্টোবর মাসের মজুরি নভেম্বর মাসের ৬ তারিখের মধ্যে পরিশোধের কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান ৮ তারিখেও তাদের মজুরি দেয়নি। বার বার বলার পরও তারা নানা টালবাহানা করছে।
এ বিষয়টি সিঅ্যান্ডএফ এজেন্ট ও বন্দর কর্তৃপক্ষকে জানালেও কোনো কাজ হয়নি।
এ বিষয়ে বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, শ্রমিকরা পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক কর্মবিরতিতে যাওয়ায় শত শত ট্রাক বন্দরে আটকা পড়েছে। এর ফলে ব্যবসায়ীদের ট্রাক প্রতি দুই হাজার টাকা ক্ষতিপূরণ গুণতে হচ্ছে।
এদিকে সরকারি ব্যবস্থাধীন স্থলবন্দরগুলোতে শ্রমিকদের জন্য ‘শ্রম যার মজুরি তার’ ভিত্তিতে মজুরি প্রদানসহ তিনদফা দাবিতে শনিবার সকালে বেনাপোল স্থলবন্দরের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে শ্রমিক সংগঠন দুইটি।
সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৯২৫ শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ আলী।
তিনি বলেন, শ্রমিকদের প্রাপ্ত নিম্নতম মজুরির ৬৫ শতাংশসহ ৩ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ১৮ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হবে।
সম্মেলন শেষে বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মনির হোসেনের কাছে একটি স্বারকলিপি দেয় শ্রমিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৫৫ ঘ.
bdnews24