গাজীপুর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৃত ব্যক্তির জমি আত্মসাতে জাল দলিল লেখার অভিযোগে কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের চার দলিল লেখককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
গত কয়েকদিন ধরে এই ধরনের কয়েকটি ঘটনা ধরা পড়ায় এলাকায় জনঅসন্তোষ দেখা দেয়ার পর বৃহস্পতিবার রাতে ওই চার দলিল লেখককে বরখাস্ত করা হয়।
জালিয়াতির এই ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। উপজেলা সাব-রেজিস্ট্রারকে বদলির সুপারিশও করা হয়েছে বলে জেলা প্রশাসক নুরুল ইসলাম জানিয়েছেন।
উপজেলা সাব-রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান বৃহস্পতিবার রাতে শাহজাহান মিয়া, তমছের আলী, মোস্তাফিজুর রহমান ও আব্দুল কুদ্দুস এই চার দলিল লেখককে বরখাস্তের আদেশ দেন।
গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন এলাকায় মৃত ব্যক্তির নাম ব্যবহার করে জালিয়াত চক্রের মাধ্যমে বেশ কিছু জমি হাতিয়ে নেয়ার ঘটনা ধরা পড়ে। এনিয়ে তিনটি মামলাও হয়।
খন্দকার জামিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই চক্রের সঙ্গে যোগসাজশ করে জমির জাল দলিল লেখার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় চার দলিল লেখককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
গত কয়েক দিন ধরে কালিয়াকৈরে জালিয়াত চক্রের খপ্পরে পড়ে জমি হারানো ভুক্তভোগীসহ এলাকাবাসী জমি উদ্ধার, জাল দলিল বাতিল ও প্রতারকদের শাস্তির দাবিতে থানা ঘেরাও, বিক্ষোভ ও সমাবেশ করছিল। এরপরই তৎপর হয় প্রশাসন।
খন্দকার জামিল জানান, জালিয়াতির ঘটনার অনুসন্ধানে ভুয়া দাতা সেজে ১০টি আম মোক্তারনামা দলিল তৈরির ঘটনা ধরা পড়েছে। এসব দলিলের মাধ্যমে জালিয়াত চক্র প্রায় ৪ হাজার ১৫২ শতাংশ জমি হাতিয়ে নেয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জালিয়াত চক্র মৃত ব্যক্তি সেজে সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীদের যোগসাজশে অন্য কারো নামে আমমোক্তারনামা (পাওয়ার অফ অ্যাটর্নি) দলিল তৈরি করে জমি বিক্রি করে। ওই সব দলিলে মালিকের (যিনি মৃত) নাম পরিবর্তন না হলেও ছবি বদলে ফেলা হয়।
জেলা প্রশাসক নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেক জানান, জাল-দলিলের মাধ্যমে জমি দখলের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সাব-রেজিস্ট্রারকে বদলির জন্য আইন মন্ত্রণালয়কে অনুরোধ করে চিঠি দেয়া হয়েছে।
বিষয়টি তদন্তে আইন মন্ত্রণালয়ের উপসচিব অরূপ কুমার গোস্বামীকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটিও হয়েছে।
তবে সাব রেজিস্ট্রার খন্দকার জামিল বলেন, “ব্যক্তিগতভাবে জমির প্রকৃত মালিক চেনা না থাকলে তাৎক্ষণিকভাবে এসব জালিয়াতির ঘটনা কোনো সাব-রেজিস্ট্রারের পক্ষে বোঝা সম্ভবপর নয়।”
জালিয়াতির এই ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরকে প্রধান করে ও কালিয়াকৈর উপজেলা সহকারী (ভূমি) কমিশনার সফিউর রহমানকে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
আগামী ১০ কার্যদিবসের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
কমিটির বাকি সদস্যরা হলেন- জেলা রেজিস্ট্রার হাসিনা বেগম, গাজীপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কানিজ জাহান হোসেন ও আটাবহ ইউপি চেয়ারম্যান এম এ আলীম।
এছাড়া ভূমি মন্ত্রণালয় থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য গাজীপুর জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক।
স্থানীয়রা জানায়, চন্দ্রার সাইজুদ্দিন সাজু, হরিণ হাটি এলাকার রবিউল করিম, ইয়াকুব আলী, খোলাপাড়া এলাকার আব্দুর রশিদসহ কয়েক প্রতারক নিজেদেরকে মৃত দেওয়ান আওলাদ হোসেন, মোগর আলী ও বহর আলীর পরিচয় দিয়ে ওইসব জমির দাতা সেজে ঢাকার মগবাজারের দিলু রোডের রাজ হাউজিংয়ের পক্ষে ওয়াহিদুর রহমান, টিপু সুলতান ও ভীগ ফুটওয়ারের পক্ষে টিপু সুলতানের ছেলে বরকত উল্লাহ খানকে আম মোক্তার নিয়োগ করে জাল দলিল তৈরি করেছে।
সাব-রেজিস্ট্রি অফিসের কয়েকজন দলিল লেখকের যোগসাজশে এই প্রতারণা চলছে বলে অভিযোগ স্থানীয়দের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এমআই/১৫০০ ঘ.
bdnews24