ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্য ঘোষণা দিয়ে কুরিয়ার সার্ভিস ডিএইচএলের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা প্রায় ১৭ শ’ মোবাইল হ্যান্ডসেট আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার সিফাত-ই-মরিয়ম বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনে তৈরি ১ হাজার ৬২৪টি মোবাইলের ওই চালান আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিভিন্ন ব্র্যান্ডের এসব মোবাইল সেটের দাম আনুমানিক ১০ লাখ টাকা।
তবে কে বা কারা এসব হ্যান্ডসেট নিয়ে আসছিল তা জানাতে পারেনি কাস্টমস কর্তৃপক্ষ।
কম্পিউটার যন্ত্রাংশ আনার ঘোষণা দিয়ে এসব হ্যান্ডসেট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবৈধভাবে দেশে আনা হচ্ছিল জানিয়ে সিফাত-ই-মরিয়ম বলেন, বিমানবন্দরে কাস্টমস স্ক্যানিংয়ে ওই চালানে মোবাইল ফোনসেট থাকার বিষয়টি ধরা পড়ে।
দেশের আইন অনুযায়ী, মোবাইল হ্যান্ডসেট আমদানি করতে হলে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিটিআরসির অনুমতি নিতে হয়।
এর আগে গত ১ নভেম্বর একই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে আসার সময় প্রায় ৪ লাখ টাকা দামের ২১টি দামি হ্যান্ডসেট আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/২১২৫ ঘ.
bdnews24