গাজীপুর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈরে দলিল জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ বিঘা জমি হাতিয়ে নেয়ার প্রতিবাদে সভা করেছে এলাকাবাসী।
সভায় হাতিয়ে নেয়া জমি ফেরত ও সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
দুপুরে কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকায় অনুষ্ঠিত ওই সভায় প্রধান ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-১আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, নাছিম কবির, আব্দুল লতিফ, এডভোকেট বেলায়েত হোসেন বাবু, অজিত কুমার সাহা, আকবর আলী, হুমায়ুন কবির খান, এম এ আলীম, বেলায়েত হোসেন, সিকদার মোশারফ হোসেন, মজিবুর রহমান ইয়াছিন, আফাজ উদ্দিন ,আলা উদ্দিন সিরাজী, ফালাক হোসেন মৃধা, জিয়ারত হোসেন, মজিবুর রহমান, মিজানুর রহমান সেলি, তায়েব আলী, মোবারক হোসেন প্রমুখ।
সভায় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সফিকুল ইসলাম ও কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুকও উপস্থিত ছিলেন।
আটাবহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন মোল্লা’র সভাপতিত্বে সাত গ্রামের বিপুল সংখ্যক ভুক্তভোগী এই প্রতিবাদ সভায় অংশ নেন। এ সময় ভাতিরিয়া, বিষাইদ, হিজলহাটি, চাতৈলভিটা ও বড়ইছুটি গ্রামের পাঁচ কৃষকও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন।
সভায় স্থানীয় সাংসদকে উপদেষ্টা ও ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের নিয়ে একত্রিশ সদস্য বিশিষ্ট ভূমিদস্যু প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
স¤প্রতি কালিয়াকৈরের অন্তত সাতটি মৌজায় ভূয়া মালিক সাজিয়ে একটি চিহ্নিত দুষ্কৃতকারী ও ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে ৫০০ বিঘা জমি জাল দলিলের মাধ্যমে আত্মসাতের অভিযোগ ওঠে।
অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের স্থানীয় সাংসদ আ ক ম মোজাম্মেল হক জানান, পর্যায়ক্রমে আইনগতভাবে সব জাল দলিল বাতিল করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৫৮ ঘ.
bdnews24