২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসছেন ২ মার্কিন কর্মকর্তা

মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা এবং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যুক্তরাষ্ট্রের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সফরে আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 12:52 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা এবং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যুক্তরাষ্ট্রের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সফরে আসছেন। এই সফরে যুক্তরাষ্ট্রের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিভাগের আন্ডার সেক্রেটারি মারিয়া ওটেরো এবং ডেপুটি অ্যাসিসটেন্ট সেক্রেটারি কেলি টলম্যান ক্লেমেন্টস প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সঙ্গেও বৈঠক করবেন। আগামী ১৫ ও ১৬ নভেম্বর ওই দুই কর্মকর্তার সঙ্গে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠকের সূচি রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। এর আগে সেপ্টেম্বরে চার সদস্যের একটি মার্কিন প্রতিনিধিদল মিয়ানমারের পাশাপাশি বাংলাদেশ সফর করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে ওয়াশিংটনের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক গড়ে উঠছে। “যুক্তরাষ্ট্র সবসময়ই চায় বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক। তবে বাংলাদেশ বিচার বহির্ভূত হত্যা এবং কারখানায় কাজের পরিবেশ নিয়ে দেশটি উদ্বিগ্ন।” গত সেপ্টেম্বরে ওয়াশিংটনে দুই দেশের অংশীদারিত্বমূলক সংলাপে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/১৮৪৫ ঘ.