কক্সবাজার, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাজারে তিনটি বুদ্ধমূর্তি পাওয়া গেছে, যেগুলো এক মাস আগে রামুতে বৌদ্ধ বিহারে সাম্প্রদায়িক হামলার সময় লুট হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
বুধবার বিকালে র্যাবের একটি দল ওই শরণার্থী শিবির থেকে বুদ্ধমূর্তিগুলো উদ্ধার করে, যা বৃহস্পতিবার প্রকাশ করা হয়।
সেই সঙ্গে দুই রোহিঙ্গা যুবককেও আটক করা হয় বলে র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কর্মকর্তা মেজর সারওয়ার-ই আলম জানিয়েছেন।
তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, কুতুপালং বাজারে বক্তার মার্কেটের জাফর আলম ডিপুর দোকান থেকে এই তিনটি বুদ্ধ মূর্তি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রোহিঙ্গা যুবকরা হলেন- শরণার্থী শিবিরের জাফর আলম ডিপু (৩৫) ও ইমাম হোসেন (৩২)।
র্যাব কর্মকর্তা সারওয়ারের ধারণা, এই তিনটি গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর রামু ও উখিয়ায় সহিংসতার সময় লুট হওয়া বুদ্ধ মূর্তি।
কোরআন অবমাননার অভিযোগ তুলে ওই রাতে রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে হামলা, ভাংচুর ও লুটপাট হয়েছিল। ওই হামলায় রোহিঙ্গারা জড়িত ছিল বলেও অভিযোগ রয়েছে।
মিয়ানমার থেকে আসা ২৫ হাজারের বেশি রোহিঙ্গা কক্সবাজারে শরণার্থী শিবিরে রয়েছে। তবে বাইরেও রয়েছে ৫ লাখের বেশি রোহিঙ্গা।
পিতলের তৈরি তিনটি বুদ্ধ মূর্তির উচ্চতা যথাক্রমে ১২, ৯ ও ৫ দশমিক ৮ সেন্টিমিটার এবং ওজন ৪৭৫, ২৩৪ এবং ১০৩ গ্রাম।
বৌদ্ধ বিহারে হামলার পর গত ২৫ অক্টোবর রামু থেকে একটি এবং ৪ অক্টোবর উখিয়া থেকে আরো একটি বুদ্ধ মূর্তি উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24