২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাংবাদিকদের বই নিয়ে উৎসব

সাংবাদিকদের প্রকাশিত বই নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে শুরু হয়েছে তিনদিনের বই উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 09:01 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকদের প্রকাশিত বই নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে শুরু হয়েছে তিনদিনের বই উৎসব। বৃহস্পতিবার সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দিন। চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত তিনদিনের এ বই উৎসব চলবে ১০ নভেম্বর পর্যন্ত। এ উৎসবে প্রেসক্লাবের স্থায়ী, অস্থায়ী, দাতা ও সহযোগী ৫২ সদস্যের লেখা ও সম্পাদিত বই স্থান পেয়েছে। উদ্বোধনী বক্তব্যে আলগীর মোহাম্মদ সিরাজুদ্দিন বলেন, “একসময় বই বলতে শুধুই একাডেমিক পাঠ্যপুস্তককেই বুঝতাম, এর বাইরেও যে বইয়ের বিশাল জগত আছে তা সবাই বুঝতে পারি না।” “আগে পাঠক অনেক বেশি থাকলেও বই কম ছিল, আর এখন বই আছে অনেক কিন্তু পাঠক নেই। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বইমুখী করে তুলতে পারিনি। এটি আমাদেও সবার ব্যর্থতা।” পৃথিবীর বিখ্যাত অনেক বই লেখকদের মধ্যে অনেকে নামি সাংবাদিক ছিলেন উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের নিয়ে এই বই উৎসব শিক্ষা ও সংস্কৃতির অগ্রগতির জন্য বড় পদক্ষেপ। আলোচনা সভার আগে প্রেসক্লাব চত্বরে বেলুন উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করা হয়। প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বই উৎসবের স্পন্সর ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম, ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, যুগ্ম সম্পাদক মোহসিন চৌধুরী, লাইব্রেরি সম্পাদক শহীদুল ইসলাম। বই উৎসবে দর্শনার্থীরা নির্দিষ্ট পরিমাণ কমিশনের বিনিময়ে বই কিনতে পারবেন। এছাড়া প্রতিদিন সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সেমিনারও অনুষ্ঠিত হবে। গত বছরও চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের বই নিয়ে উৎসবের আয়োজন করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৪৫৫ ঘ.