পঞ্চগড়, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ করার জেরে পঞ্চগড় জেলা কালের কণ্ঠের প্রতিনিধি সাইফুল ইসলাম বাবুর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।
পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিম আদালতে সোমবার ও বুধবারে দায়ের করা দুটি মামলাতেই সাংবাদিককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। দুটি মামলারই বাদী সাবেক সহকারী জজ শফিকুল ইসলাম।
গত ২৩ অক্টোবর কালের কন্ঠে প্রকাশিত ‘মামলায় মামলায় নাজেহাল পাঁচ গ্রামের মানুষ’ শিরোনামে সংবাদ প্রকাশের জের ধরেই সাংবাদিকের বিরুদ্ধে এ দুটি মামলা করেন সাবেক বিচারক।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শফিকুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের কাজীপুরে। তিনি একসময় পঞ্চগড়ে কর্মরত ছিলেন। সদর উপজেলার লাটুয়াপাড়া ও আমতলা এলাকায় তার বেশকিছু জমি আছে। তিনি মাঝে মাঝেই সেখানে এসে থাকেন। তার জমি সংলগ্ন জমির মালিকদের তিনি বিভিন্ন সময় মামলা দিয়ে নাজেহাল করছেন।
এ পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর ভূক্তভোগীরা পঞ্চগড় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন করে। তাদের দেয়া বক্তব্য ও তথ্যের ওপর ভিত্তি করেই ওই সংবাদটি করা হয় বলে জানান সাইফুল ইসলাম বাবু।
তিনি জানান, প্রথম মামলাটিতে আগামী বছরের ১ জানুয়ারি ও দ্বিতীয় মামলাটিতে আগামী ২৪ ডিসেম্বর তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। এছাড়া এ সংবাদ প্রকাশের পর মামলার সাক্ষীরা তাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে জানান সাংবাদিক।
এদিকে সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় বুধবার বিকালে পঞ্চগড় প্রেসক্লাবে এক জরুরি সভা হয়। প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুলের সভাপতিত্বে ওই সভায় মামলা দায়েরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মৌন মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি নেয়া হয়েছে বলে জানান জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল আলম।
এছাড়াও সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের ও তাকে প্রাণনাশসহ মামলায় ফাঁসানোর হুমকিতে বিভিন্ন সংগঠন নিন্দা ও উদ্বেগ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২০০ ঘ.
bdnews24