ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের দুই নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী ও মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গ্রহণ করা হবে কি না, আগামী ১৩ নভেম্বর তা জানাবে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি এ টি এম ফজলে কবির নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ আদালত-২ বুধবার শুনানির পর আদেশের এই দিন ঠিক করেছে।
সংসদ উপনেতা সাজেদার বিরুদ্ধে অভিযোগ, তিনি গত ২৭ জুলাই স্বেচ্ছাসেবক লীগের এক সভায় বলেছেন- ‘রাজাকাররা আইন মেনে একাত্তরে নির্যাতন করেনি। কাজেই এত আনি দেখলে হবে না। দুয়েকটাকে (যুদ্ধাপরাধে অভিযুক্ত) ঝুলিয়ে দিলে ওদের আইন কপচানী বন্ধ হবে’।
সাজেদাকে উদ্ধৃত করে দৈনিক আমার দেশে প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে আদালত অবমাননার অভিযোগ এনেছেন যুদ্ধাপরাধে বিচারের সম্মুখীন জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা।
সাজেদার পক্ষে শুনানিতে অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার বলেন, জনগণের ভাবনাটি সাজেদা চৌধুরী তুলে ধরেছিলেন। আর ওই সভায় তার সম্পূর্ণ বক্তব্যও প্রকাশিত প্রতিবেদনে আসেনি, খণ্ডিতভাবে তা উপস্থাপন করা হয়ছে।
তবে সাজেদা চৌধুরী গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার তার বক্তব্যটি গুরুত্বের সঙ্গে নেয়ার আহ্বান জানান আসামি পক্ষের আইনজীবী।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ, তিনি শেরপুরে এক সভায় বলেছেন- ‘যুদ্ধাপরাধীদের বাঁচাতে যারা সাফাই সাক্ষ্য দেবে, তারাই রাজাকার’।
অনলাইন সংবাদপত্র বার্তা২৪ এ প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন জামায়াত নেতা মো. কামারুজ্জামান।
শুনানিতে মতিয়ার আইনজীবী এম কামরুল হক সিদ্দিকীও বলেন, আওয়ামী লীগ নেতার কথায় জনগণের ভাবনারই প্রতিফলন ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/০০২৫ ঘ.
bdnews24