২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ি শিক্ষার্থী ধর্ষণ: গ্রেপ্তার ৫ ছাত্রের মুক্তি দাবি

চট্টগ্রামে এক পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছে তাদের পরিবারের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 03:36 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে এক পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছে তাদের পরিবারের সদস্যরা। বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে পরিবারের সদস্যরা দাবি করেন, প্রকৃত আসামীদের আড়াল করতে এ শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে। এতে, ধর্ষণের শিকার ওই ছাত্রী ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। পওে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কাছে একটি স্বারকলিপি পেশ করা হয়। এতে বলা হয়, গ্রেপ্তার পিয়াস চাকমা ও তার বন্ধুরা ওই গণধর্ষণের ঘটনায় জড়িত নয় বলে ধর্ষিতা শিক্ষার্থী জানিয়েছে। স্বারকলিপিতে আরো উল্লেখ করা হয়, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ২৮ অক্টোবর মেডিক্যাল কলেজ থেকে পিয়াস চাকমাকে থানায় নিয়ে যায় এবং পরদিন তার মোবাইল ফোনের কললিস্ট থেকে নম্বর নিয়ে তার বন্ধুদের ফোন করে থানায় নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই পুলিশ হেফাজতে নির্যাতন করে তাদের দোষী সাব্যস্ত করা হয় বলে এতে দাবি করা হয়। গত ২৮ অক্টোবর চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার পলিটেকনিক ইন্সটিটিউট এলাকায় ওই পাহাড়ি ছাত্রীকে ধর্ষণ করা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই কিশোরী ওই দিন সন্ধ্যায় একই জাতিগোষ্ঠীর এক বন্ধুর সঙ্গে পলিটেকনিক এলাকায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়। রাত ১০টার দিকে পুলিশ ছাত্রীকে উদ্ধার করে। ঘটনার পরদিন নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ধর্ষণে জড়িত থাকার অভিযোগে পাঁচ স্কুলছাত্রকে আটক করে পুলিশ। তারা হলো- পিয়াস চাকমা, সালমান হোসেন জয়, খালেদ, শাওন ও পিউল। তারা পাঁচজনই নগরীর নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী বলে পুলিশ জানায়। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার আবদুল মান্নান বলেন, “এরা সবাই একে অপরের বন্ধু এবং ইয়াবা সেবনকারী। পরিকল্পিতভাবেই মেয়েটিকে পাহাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২১২৪ ঘ.