২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় জেলায় জামায়াত-শিবিরের আটক আরো ৮১

সোম ও মঙ্গলবার সারাদেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছয় জেলা থেকে জামায়াত-শিবিরের আরো ৮১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 03:22 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোম ও মঙ্গলবার সারাদেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছয় জেলা থেকে জামায়াত-শিবিরের আরো ৮১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সরকারি কাজে বাধাদান, নাশকতার আশংকা ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাত ও বুধবার তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। ফরিদপুরে ১৮ জনকে আটকের পর জামিনে মুক্তি দেয়া হয়। এছাড়া ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধার অভিযোগে জামায়াত-শিবিরের ৩৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৪৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এর আগে একই ঘটনায় ১০ জেলা থেকে জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছিল। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবিতে বিক্ষোভরত জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে সোমবার বিকালে রাজধানীর মতিঝিল এলাকায় পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় পুলিশের একটি পিকআপ, বিআরটিসির একটি বাস এবং বেশ কয়েকটি মটর সাইকেলে আগুন দেয় জামায়াতকর্মীরা। এতে আহত হয় অন্তত পঞ্চাশ জন। পুলিশ ঘটনার পর ৩১ জনকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ- কুষ্টিয়া: সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় করা দু’টি মামলায় জেলার সাতটি থানা পুলিশ ৪২ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। কুষ্টিয়া মডেল থানায় নয়জন, কুমারখালী থানায় পাঁচজন, খোকসা থানায় ১০ জন, ভেড়ামারায় সাতজন, মিরপুর সাতজন, দৌলতপুর তিনজন ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসিরা। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকেলে শহরের এনএস রোডে পুলিশ ও জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে ৮ পুলিশসহ ১৫ জন আহত হয়। এর পর থেকে চলা অভিযানে ৭০ জন জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করা হয়। ফরিদপুর: ফরিদপুর শহরের কমলাপুর এলাকার দু’টি ছাত্রাবাস থেকে মঙ্গলবার রাতে ১৮ শিবিরকর্মীকে আটকের পর জামিনে মুক্তি দেয়া হয়। আটকের সময় তাদের কাছ থেকে বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। ফরিদপুর কোতয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছিল। বুধবার তাদের আদালতে হাজির করা হলে জামিন মঞ্জুর করেন জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা ভূইয়া। জয়পুরহাট: জয়পুরহাটে মঙ্গলবার রাতে বিভিন্ন স্থান থেকে ১৮ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ সুপার হামিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১২ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে জেলায় জামায়াত-শিবিরের ৩০ জনকে গ্রেপ্তার করল পুলিশ। আটকদেরকে পুলিশের ওপর হামলার অপরাধে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। চাঁদপুর: নাশকতার আশংকায় চাঁদপুর শহর জামায়াতের আমির মো. শাহজাহান মিয়াসহ জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে জেলার বিভিন্ন স্থান অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সুপার মো. আমির জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার মতলব উত্তর, হাজীগঞ্জ, কচুয়া ও চাঁদপুর সদর উপজেলা থেকে ৪ জন এবং ফরিদগঞ্জ উপজেলা থেকে ৭ জনসহ জামায়াত-শিবিরের মোট ১১ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আটকদের বিভিন্ন থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান জেলার পুলিশ সুপার। ঝালকাঠী: ঝালকাঠীতে র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে জামায়াতের চার কর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযানে জেলা শহর, কাঁঠালিয়া ও নলছিটি থানা পুলিশ এ অভিযান চালায়। সদর থানার ওসি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতার আশংকায় তাদের আটক করে বুধবার আদালতে পাঠানো হয়েছে। ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধার অভিযোগে জামায়াত-শিবিরের ৩৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৪৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। কালীগঞ্জ থানার এএসআই হুমায়ন কবির বাদী হয়ে দ্রুত বিচার আইনে এ মামলাটি করেন। থানার ওসি সৈয়দ কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার দুপুরে কোঁটচাদপুর উপজেলা থেকে পাঁচজন জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়। তারা সবাই এজহারভুক্ত আসামি। নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মঙ্গলবার রাতে ১৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি নজরুল ইসলামকে (৫০) আটক করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৮/১০ দিন আগে পুলিশের উপর হামলা, ভাংচুরের ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা মামলায় নজরুলকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১১১ ঘ.