২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ জেলা দপ্তর পার্বত্য জেলা পরিষদে হস্তান্তর হচ্ছে

পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নে আরো পাঁচটি মন্ত্রণালয়ের ১০টি জেলা দপ্তরকে তিন পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 03:00 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নে আরো পাঁচটি মন্ত্রণালয়ের ১০টি জেলা দপ্তরকে তিন পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের পশ্চিম ব্ল¬কে ২য় লেভেলে মন্ত্রিসভা কক্ষে পৃথক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এ দপ্তরগুলোকে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের উদ্যোগে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটি’ এ অনুষ্ঠানের আয়োজন করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সংসদের মিডিয়া সেন্টারে এ ব্যাপারে ব্রিফিং করা হবে। সংসদ উপনেতা ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সৈয়দা সাজেদা চৌধুরীসহ সংশ্লি¬ষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সচিবরা এতে উপস্থিত থাকবেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ওই তিন পার্বত্য জেলায় (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়ের বিএডিসি ও তুলা উন্নয়ন বোর্ড খাগড়াছড়ি জোন; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের রামগড় মৎস্য খামার (হ্যাচারি) এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জেলা সরকারি শিশু সদন সংশ্লি¬ষ্ট পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হবে। আওয়ামী লীগ শাসনামলে ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় তিন পার্বত্য জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠন করা হয়। জনসংহতি সমিতির প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমাকে (সন্তু লারমা) এ আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান নিয়োগ করা হয়। ১৯৮৯ সালের জেলা পরিষদ আইন ও ’৯৭ সালের শান্তিচুক্তির শর্ত অনুযায়ী অধিকাংশ সরকারি অফিস বা দপ্তর সংশ্লি¬ষ্ট তিন পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তরের বিধান রয়েছে। পার্বত্য জেলা পরিষদগুলোর মধ্যে রাঙ্গামাটিতে ২১টি, বান্দরবানে ১৮টি এবং খাগড়াছড়িতে ১৭টি বিভাগ বা অফিস এ পর্যন্ত হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০৪৩ ঘ.