বাগেরহাট, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি অপহরণ ও ধর্ষণ মামলায় চার সহোদরসহ পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত।
এছাড়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।
বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মো. আবুল বাশার মুন্সী বুধবার এই আদেশ দেন।
এ সময় দণ্ডিতরা আদালতে হাজির ছিলেন।
দণ্ডিতরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা গ্রামের চার সহোদর আব্দুল হালিম তালুকদার, আলম তালুকদার, হেমায়েত তালুকদার ও আদম আলী তালুকদার এবং একই গ্রামের নজিবর রহমান হাওলাদার।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৯ সালের ৩১ অক্টোবর কেজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে আসামিরা অপহরণ করে। প্রায় আড়াই মাস মেয়েটিকে আটকে রেখে তারা ধর্ষণ করে।
২০০০ সালের ১৯ জানুয়ারি পুলিশ তাকে উদ্ধার করে।
এই ঘটনায় মেয়েটির বাবা মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৭ ঘ.
bdnews24