চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে শায়িত হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু।
বুধবার বিকালে আছরের নামাজের পর আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামে বশরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে সর্বশেষ জানাজা শেষে হাইলধরে পারিবারিক কবরস্থানে মুক্তিযুদ্ধের অন্যতম এ সংগঠককে দাফন করা হয়।
আখতারুজ্জামানের নামাজে জানাজায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নগর সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, ওমানের রাষ্ট্রদূত নুরুল আলম চৌধুরী, সাংসদ শামসুল হক চৌধুরী, সাংসদ এম এ লতিফ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমদ, কেন্দ্রীয় সদস্য আইমনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এর আগে আখতারুজ্জামানের নির্বাচনী এলাকা চট্টগ্রামের কর্ণফুলী থানার সিডিএ আবাসিক মাঠ ও আনোয়ারা হাই স্কুল মাঠে পৃথক দুটি নামাজে জানাজা হয়।
দীর্ঘদিন কিডনি রোগে ভুগে গত রোববার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ৭১ বছর বয়সে মারা যান আখতারুজ্জামান চৌধুরী বাবু।
সোমবার বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তার লাশ দেশে আনা হয়।
পাট ও বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান ১৯৭৭ সাল থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০২০ ঘ.
bdnews24