ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হওয়ায় বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের প্রতি ওবামার সমর্থন আগের মতোই অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা।
মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনিকে হারিয়ে পুনর্বার জয়ী হন ডেমক্রেট প্রার্থী ওবামা।
নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে এক বার্তায় খালেদা জিয়া বলেছেন, নির্বাচনের ফলাফলে বারাক ওবামার প্রজ্ঞার ওপর যুক্তরাষ্ট্রের নাগরিকদের আস্থার প্রতিফলন ঘটেছে।
ওবামার গতিশীল নেতৃত্বে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের ভূমিকা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের অবদান তুলে ধরে খালেদা জিয়া বলেন, “গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার রক্ষার অঙ্গীকারই আমাদের সম্পর্কের ভিত্তি।”
যুক্তরাষ্ট্রের বৈচিত্র্যময় সংস্কৃতির নির্মাণে প্রবাসী বাংলাদেশিদের অবদানও তুলে ধরেন বিরোধীদলীয় নেতা।
তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার (ওবামা) নতুন মেয়াদে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরো গাঢ় হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০০৫ ঘ.
bdnews24