ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান পদে প্রেষণে থাকা সেনাকর্মকর্তা মেজর জেনারেল এটিএম শহীদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার তাকে প্রত্যাহার করা হয়। তবে ওই পদে নতুন কাউকে নিয়োগ দেয়া হয়নি।
আদেশে বলা হয়, শহীদুলকে মূল কর্মস্থল সেনাবাহিনীতে ফেরত পাঠাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া পৃথক আদেশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সেনা কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ফসিউর রহমানকে মোমেনশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
তার স্থলাভিষিক্ত হয়েছেন সেনাকর্মকর্তা কর্নেল খোন্দকার শহিদুল গণি।
মোমেনশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে থাকা ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারর ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল ফারুক উল হক এবং মেজর মমতাজ আলাকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।
এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আব্দুল আওয়ালকে বদলি করা হয়েছে রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮২২ ঘ.
bdnews24