চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েবসাইটের কারিগরি ত্রুটির কারণে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জটিলতা সৃষ্টির পর ডাউনলোড পদ্ধতিতে পরিবর্তন এনেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
নতুন পদ্ধতিতে গোপন নম্বরের (পিন) বদলে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য ১১ ডিজিটের মোবাইল ফোন নম্বর চাওয়া হচ্ছে প্রার্থীদের কাছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কারিগরি সহায়তা দানকারী প্রতিষ্ঠান মোবাইল ফোন কোম্পানি টেলিটক জানিয়েছে, মঙ্গলবার রাত থেকেই এ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট িি.িপঁ.ধপ.নফ থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে।
এর আগে গত ২১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত পরীক্ষার্থীদের অনেকেই প্রবেশপত্র ডাউনলোড করতে গিয়ে নিজের ছবির বদলে ভারতীয় চলচ্চিত্র ও ক্রিকেট তারকাদের ছবি দেখতে পান।
শুরুতে বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় বলা হয়, প্রবেশপত্র ডাউনলোডের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রবেশ করে নির্দিষ্ট পেইজে গিয়ে এইচএসসির বোর্ড, রোল, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। তথ্য সঠিক হলে গোপন নম্বর (পিন) দেয়া হবে এবং তা দিয়ে পরীক্ষার্থী ছবি আপলোড করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
কিন্তু গত ২১ অক্টোবর থেকে প্রবেশপত্র ডাউনলোড করা গেলেও মঙ্গলবার পর্যন্ত কোনো গোপন নম্বরের বালাই ছিল না। পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার রোল নম্বর ও ইউনিট কোড দিয়ে যে কেউ প্রবেশপ্রত্রে ছবি আপলোড করে প্রবেশপত্র ডাউনলোড করতে পেরেছে।
ফলে কয়েকজন শিক্ষার্থী তাদের প্রবেশপত্র ডাউনলোড করে ক্যাটরিনা কাইফ, শাহরুখ খান বা সাকিব আল হাসানের মতো তারকাদের ছবি পেয়েছেন। ছবি পরিবর্তনের সুযোগ না থাকায় সৃষ্টি হয় জটিলতা।
টেলিটকের সেবা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা এ বি এম মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে গোপন নম্বরের জায়গায় শিক্ষার্থীর মোবাইল নম্বর চাওয়া হচ্ছে।
এ বিষয়টি এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হয়েছে। যে সব পরীক্ষার্থীর ছবিতে তারকাদের ছবি আপলোড হয়েছিল তারা ইতোমধ্যে নতুন করে ছবি আপলোড করেছেন।
পরীক্ষার আগ পর্যন্ত নতুন করে ছবি আপলোড করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বলে টেলিটক কর্মকর্তা জানান।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টেলিটকের ওয়েবসাইটে কারিগরি ত্রুটি ছিল। তারাই সমস্যার সমাধান করে আমাদের জানিয়েছে।”
আগামী ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/জেকে/১৭৩৫ ঘ.
bdnews24