২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-সিঙ্গাপুর রুটে আসছে ইউনাইটেডের ফ্লাইট

চলতি বছরেই ঢাকা-সিঙ্গাপুর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে বেসরকারি বিমান প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারওয়েজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 11:01 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরেই ঢাকা-সিঙ্গাপুর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে বেসরকারি বিমান প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারওয়েজ। এছাড়া আগামী তিন মাসের মধ্যে ঢাকা-বরিশাল রুটেও ফ্লাইট পরিচালনা করবে তারা। ইউনাইটেড এয়ারওয়েজের মার্কেটিং সাপোর্ট ও পাবলিক রিলেশনস বিভাগের সহকারী মহাব্যাবস্থাপক কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা-সিঙ্গাপুর রুটে ফ্লাইট শুরু করার জন্য সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আশা করা যাচ্ছে এ বছরের মধ্যেই তা শুরু করা সম্ভব।” আগামী বছরের মধ্যে ঢাকা থেকে দোহা, রিয়াদ, দাম্মাম, আবুধাবি এবং শারজাহতেও ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান কামরুল। ঢাকা-বরিশাল রুটেও ফ্লাইট প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বরিশাল রুটে ফ্লাইট শুরু করতে প্রস্তুত। ১৮ আসনের জেট স্ট্রিম মডেলের উড়োজাহাজ দিয়ে এ রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে।” বরিশালের পাশাপাশি ক্রমান্বয়ে ঠাকুরগাঁও, শমসেরনগর, বাগেরহাট এবং কুমিল্লা রুটগুলোতেও একই মডেলের উড়োজাহাজ দিয়ে ফ্লাইট শুরু করা হবে। বর্তমানে আন্তর্জাতিক রুটে ঢাকা থেকে কলকাতা, কাঠমান্ডু কুয়ালালামপুর, ব্যাংকক, জেদ্দা, দুবাই ও মাস্কাট এবং চট্টগ্রাম থেকে কোলকাতা এবং মাস্কাটে ফ্লাইট পরিচালনা করছে ইউনাইটেড এয়ারওয়েজ। অভ্যন্তরীণ রুটে প্রতিষ্ঠানটি ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর এবং রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/১৬৫২ ঘ.