২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশি-আমেরিকানরা চান ওবামাকে’

নিউ ইয়র্কের বাংলাদেশি-আমেরিকানদের অনেকেই বলেছেন যুক্তরাষ্ট্রকে পুনরায় ‘যুদ্ধবাজ রাষ্ট্র’ হিসেবে দেখতে চান না বলে বারাক ওবামাকে ভোট দিচ্ছেন তারা। জানাচ্ছেন লাবলু আনসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 07:00 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

লাবলু আনসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নিউ ইয়র্ক, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হারিকেন স্যান্ডিবিধ্বস্ত নিউ ইয়র্কে কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোট দিতে এসেছেন বিপুল সংখ্যক বাংলাদেশি-আমেরিকান। অভিবাসী এই আমেরিকানরা বলছেন ‘যুদ্ধবাজ আমেরিকা’ দেখতে চান না বলে ডেমোক্রেট প্রার্থীকে ভোট দেবেন। ব্রুকলিনের একটি ভোটকেন্দ্রের সামনে বাংলাদেশি-আমেরিকান নজরুল ইসলাম বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি বারাক ওবামাকে ভোট দিয়েছেন। “স্বল্প আয়ের আমেরিকানদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে নিজেকে উপস্থাপন করতে পেরেছেন ওবামা। রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশ আমেরিকাকে যুদ্ধবাজ রাষ্ট্রের অপবাদ এনে দিয়েছিলেন, ওবামা সে অবস্থা থেকে রক্ষার প্রয়াস চালাচ্ছেন।” “বুশ (জর্জ ডাব্লিও বুশ) আমেরিকার অর্থনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করেছিলেন, ওবামা সে অবস্থা থেকে আমেরিকাকে টেনে তুলছেন এবং সোজা হয়ে দাঁড়ানোর পথে ইতোমধ্যে এক ধাপ এগিয়েছেন। এজন্যেই আমি বারাক ওবামাকে ভোট দিলাম,” বলেন তিনি। বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনে ঐতিহ্যগতভাবেই ডেমোক্রেটদের প্রাধান্য রয়েছে। তবে, এখানে বাংলাদেশি-আমেরিকানদের পাশাপাশি ভোট দিতে আসা আমেরিকান-ইহুদি ভোটারদের মধ্যে রিপাবলিকান প্রার্থী মিট রমনির জনপ্রিয়তা দেখা গেছে। একই কেন্দ্রে ভোট দিতে আসা বাংলাদেশি-আমেরিকান সাহেদা ইসলাম এবং নূরজাহান নূরী বলেন, ওবামার স্বাস্থ্যসেবা বিধি স্বল্প আয়ের আমেরিকানদের জন্যে বড় একটি প্রাপ্তি। ডেমোক্রেট প্রার্থী, বর্তমান প্রেসিডেন্ট ওবামাকে ভোট দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে তারা বলেন, সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যেও ওবামা বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমেরিকা পুনরায় যুদ্ধবাজ রাষ্ট্র হোক-এমন কাউকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না বলেই বারাক ওবামাকে ভোট দিয়েছেন তারা। নূরী এবং সাহেদার ধারণা, রিপাবলিকান রমনি জয়ী হলে আমেরিকা আবারো যুদ্ধ লাগাবে কোনো না কোনো দেশে। কুইন্সের আকতার হোসেন বাদল ফ্লাশিংয়ের একটি কেন্দ্রে ভোট দিয়ে এসে জানান, তিনি ওবামাকে ভোট দিয়েছেন। “ওবামা যুক্তরাষ্ট্রকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেছেন, তাই তাকে আরো ৪ বছর সময় দিলে যুক্তরাষ্ট্র আবারো শক্ত অর্থনৈতিক ভিতের উপর দাঁড়াবে বলে আমরা তাকে ভোট দিলাম।” ওই এলাকায় ওবামার জনপ্রিয়তার কথা বলতে গিয়ে তিনি জানান, “আমাদের এখানে চীনা ভোটারের সংখ্যা বেশি এবং তারা প্রায় সকলেই ওবামাকে ভোট দিচ্ছেন।” জ্যামাইকার ব্যবসায়ী খোরশেদ খন্দকার বলেন, “ওবামার বিকল্প নেই। সর্বশেষ স্যান্ডির আঘাতে ক্ষত-বিক্ষত জনপদকে সামাল দিতে বারাক ওবামার নেতৃত্ব সকলের প্রশংসা কুড়িয়েছে। অর্থনৈতিক পরিত্রাণ লাভে তার প্রণোদনা প্যাকেজ মন্ত্রের মত কাজ করেছে।” রিপাবলিকান দলের সমর্থক হলেও মিট রমনিকে ভোট দেননি বাংলাদেশি বংশোদ্ভূত গিয়াস আহমেদ। কারণ হিসেবে তিনি বলেন, “গত ৪ বছরে যেসব পদক্ষেপ নিয়েছেন বারাক ওবামা, তা অব্যাহত রাখতে দিতে হবে। একে ব্যাহত করলে আমেরিকা পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে।” বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে ভোট কেন্দ্রের বাইরে বিভিন্ন পোস্টারে বাংলায় লেখা দেখা গেলেও ব্যালটে বাংলা নেই। তবে অধিকাংশ কেন্দ্রে বাঙালি পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। নিউ ইয়র্কে স্থানীয় সময় সন্ধ্যা ৯টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তবে, ভোটের জন্য বিশেষ ছুটি নেই অফিস-আদালতে। হারিকেন স্যান্ডি বিধ্বস্ত নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়ায় অধিকাংশ স্কুলে ছুটি চলছে। আর যে সব এলাকায় স্কুল খোলা ছিল, সেখানে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএমটি/০০৫৬ ঘ.