২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বছর আসছেন সালমান খুরশিদ

দুই দেশের যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে যোগ দিতে আগামী বছর ঢাকায় আসছেন ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 05:09 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

নয়া দিল্লি, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দেশের যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে যোগ দিতে আগামী বছর ঢাকায় আসছেন ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। মঙ্গলবার ভিয়েতনামে নবম এশিয়া-ইউরোপ সম্মেলনের ফাঁকে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে তিনি একথা জানিয়েছেন। এস এম কৃষ্ণার পদত্যাগের পর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া সালমান খুরশিদের সঙ্গে দীপু মনির এটাই প্রথম বৈঠক। নয়া দিল্লির একটি সূত্র জানিয়েছে, বৈঠকে দীপু মনি এবং খুরশিদ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। বৈঠকে তিস্তার পানি বণ্টন নিয়ে প্রস্তাবিত চুক্তি, ’৭৪ সালের সীমান্ত চুক্তি কার্যকর এবং ২০১১ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রটোকলগুলো বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশকে দেয়া ভারতের ১০০ কোটি মার্কিন ডলারের ঋণের প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ আগামী বছর ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে যোগ দিতে নীতিগতভাবে সম্মত হয়েছেন। দুই দেশের কূটনীতিক পর্যায়ে আলোচনা করে বৈঠকের দিনক্ষণ ঠিক করা হবে। ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় দুই দেশের মধ্যে সহযোগিতার রূপরেখা চুক্তি সই হয়। ওই চুক্তির আওতায় গঠিত হয় যৌথ পরামর্শক কমিশন। এর আগে অনুষ্ঠিত যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে যুগ্মভাবে সভাপতিত্ব করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে প্রতি বছর একবার করে কমিশনের বৈঠকের সিদ্ধান্ত হয়। গত ৭ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়া দিল্লিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর (দীপু মনি ও এস এম কৃষ্ণা) যৌথ সভাপতিত্বে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ঢাকায় সুবিধাজনক সময়ে পরবর্তী (২০১৩ সালের) বৈঠকের সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমআই/২৩০৭ ঘ.