২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ছাত্রের লাশ উদ্ধার, বন্ধু আটক

নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর চাঁদপুরের এক কলেজ ছাত্রের লাশ পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 04:01 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

চাঁদপুর, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর চাঁদপুরের এক কলেজ ছাত্রের লাশ পেয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামের একটি বাগানে মির্জা মো. আল-আমিন সজলের (২১) লাশ পাওয়া যায়। সজল শহরের পুরানবাজার ডিগ্রি কলেজের øাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় জড়িত সন্দেহে সজলের বন্ধু হাবিবুর রহমান নিশানকে (২৩) পুলিশ আটক করেছে। চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. মাহবুব মোরশেদ বলেন, সজলের বাবা মির্জা মো. ওজিউল্লাহ গত ১ নভেম্বর সজল নিখোঁজ হওয়ার ব্যাপারে থানায় অভিযোগ করেন। এ ঘটনার তদন্ত করতে পুলিশ সজলের বন্ধু নিশানকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার দু’দিনের হেফাজতে নেয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে মঙ্গলবার সকালে সজলের লাশ উদ্ধার করে পুলিশ। আটক হাবিবুর রহমান নিশান সাংবাদিকদের বলেন, “আমি, সজল ও সুমন তিন বন্ধু বুধবার রাতে সিডিল ও ফ্যানারগন সিরাপ মিক্স করে খাই। এরপর সজল অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে সুমন গলায় দড়ি পেঁচিয়ে সজলকে হত্যা করে।” পরে বাগানের পাশে একটি গর্তে মাটি চাপা দিয়ে উপরে কচুরিপানা দেয়া হয়। তবে কী কারণে সজলকে হত্যা করা হয় সে বিষয়ে নিশান সাংবাদিকদের কিছু বলেননি। সজল পরিবারের সদস্যদের সঙ্গে শহরের বিপনীবাগ এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। গ্রামের বাড়ি সদর উপজেলার খলিশাডুলি গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.