নারায়ণগঞ্জ, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জালিয়াতির মাধ্যমে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এক সাবেক কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. লুৎফর রহমান সদর মডেল থানায় চারটি পৃথক মামলা করেন।
মামলার আসামিরা হলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক টানবাজার শাখার সাবেক ব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) আবু তাহের, ফতুল্লার বিসিক শিল্পনগরীর পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেসার্স ফাইবার গার্ডেনের (বর্তমানে বন্ধ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবুর রহমান, মজিবুর রহমানের স্ত্রী প্রতিষ্ঠানটির পরিচালক শামীমা ইয়াসমিন এবং পরিচালক সেলিম হোসেন।
প্রতিটি মামলাতেই ওই চারজনকে আসামি করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের মামলার সত্যতা স্বীকার করে বলেন, আসামিরা পরস্পর যোগসাজসে টানবাজার শাখা থেকে প্রায় ১৩ কোটি টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৫ ঘ.
bdnews24