২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত ব্যক্তির নামে জমি রেজিস্ট্রি, গ্রেপ্তার ২

গাজীপুরের কালিয়াকৈরে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি রেজিস্ট্রি করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

গাজীপুর, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈরে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি রেজিস্ট্রি করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কালিয়াকৈরের উত্তর কাঞ্চনপুর এলাকার প্রয়াত বছির উদ্দিনের ছেলে দলিল লেখক তমছের আলী (৬৫) ও একই এলাকার আব্দুর রশিদকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ। এরা উপজেলার আটাবহ ইউপি চেয়ারম্যান প্রয়াত দেওয়ান আওলাদ হোসেনকে জীবিত দেখিয়ে তার নামে থাকা ৪৭০ শতাংশ জমি লিখে নিয়েছেন বলে থানায় মামলা করেছেন ইউপি চেয়ারম্যানের স্ত্রী মাজেদা বেগম। কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক সাংবাদিকদের বলেন, এ বছরের জানুয়ারিতে এক ব্যক্তি নিজেকে আওলাদ হোসেন দাবি করে ছবি ও জমির প্রয়োজনীয় দলিলপত্রসহ জনৈক ওয়াহিদুর রহমানকে পাওয়ার অব অ্যাটর্নি করে দিয়ে দলিল লিখে নেয়। রেজিস্ট্রি করার সময় স্থানীয় শ্রমিক লীগ নেতা সাইজুদ্দিন, হাবিব মন্ডল, আব্দুর রশিদ, আইয়ুব আলী মণ্ডলসহ কয়েক ব্যক্তি স্বাক্ষ্য দেন। জালিয়াত চক্রের বাকিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৩৯ ঘ.