ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি কার্গো বিমান প্রতিষ্ঠান জুম এয়ারওয়েজ লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৩৮ কোটি টাকা পাওনা চেয়ে মামলা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে মঙ্গলবার এ মামলা করেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন।
মামলা দায়ের হলেও বাদী সরকার নির্ধাারিত ৫০ হাজার টাকা কোর্ট ফি জমা না দেয়ায় আগামী ১৪ নভেম্বর তা জমা দিতে বলেছেন ওই আদালতের বিচারক।
বাদীর আইনজীবী জয়ন্ত কুমার বিশ্বাস বলেন, “ফি জমা হলে বিবাদীদের বিরুদ্ধে সমন পাঠানোর আদেশ হবে।”
মামলার আরজিতে এক নম্বর বিবাদী হিসাবে রাখা হয়েছে জুম এয়ারওয়েজকে। এছাড়া প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও মহাব্যবস্থাপককেও বিবাদী করা হয়েছে।
আরজিতে বলা হয়েছে, বিবাদী প্রতিষ্ঠান তাদের বিমান উড্ডয়ন, অবতরণ ও রক্ষণাবেক্ষণ কাজে শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর ব্যবহারের জন্য বাদী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়।
চুক্তি অনুযায়ী বিবাদী প্রতিষ্ঠান বাদী প্রতিষ্ঠানকে অ্যারোনটিক্যাল বিল এবং সারচার্জ দিতে থাকে। কিন্তু হঠাৎ করে ২০০৫ সালের ১৯ সেপ্টেম্বর তারিখ থেকে এই বিল ও সারচার্জ দেয়া বন্ধ করে দেয় বিবাদীরা।
২০০৯ সালের ১ ডিসেম্বর বিবাদীদের চিঠি দেয়া হলেও তাতে কোন প্রকার সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে ২০১০ সালের বিভিন্ন তারিখে পাওনা চেয়ে কয়েক দফা চিঠি দেয়া হয়।
২০১১ সালের ৪ জানুয়ারি তারিখে জুম এয়ারলাইন্সের প্রজেক্ট ও প্লানিং ডিরেক্টর মামনুর রহমান বাদী প্রতিষ্ঠানের হিসাব বিভাগে একটি উত্তর পাঠান। উত্তরে যত তাড়াতাড়ি সম্ভব পাওনা টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেয়া হলেও আজ পর্যন্ত কোনো অর্থ পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২১০৭ ঘ.
bdnews24