২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা দুর্নীতি‘জড়িতদের’ ফের জিজ্ঞাসাবাদ

পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতিতে’ জড়িত সন্দেহে আগে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তাদের আবার জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 02:30 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতিতে’ জড়িত সন্দেহে আগে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তাদের আবার জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিশ্ব ব্যাংক অথবা কানাডীয় পুলিশের কাছ থেকে তথ্য পাওয়ার পরই এই জিজ্ঞাসাবাদ শুরু হবে। মঙ্গলবার সন্ধ্যায় দুদক কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় কমিশনার এম শাহাবুদ্দিন এ কথা জানিয়েছেন। গত সেপ্টেম্বরে কানাডায় এসএনসি লাভালিনের দুই কর্মকর্তাকে গ্রেপ্তারের পর পদ্মা প্রকল্পে ‘দুর্নীতির’ বিষয়টি আলোচনায় উঠে আসে। ওই দুই কর্মকর্তার ডায়েরিতে বাংলাদেশের কয়েকজনের নাম পাওয়ার তথ্যও প্রকাশ হয়। এর ভিত্তিতে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভুঁইয়াসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। এম শাহাবুদ্দিন বলেন, “বিশ্ব ব্যাংক কিংবা কানাডীয় পুলিশের কাছ থেকে তথ্য পাওয়ার পরই আগে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের ফের ডাকা হবে।” বিশ্ব ব্যাংক এখন পর্যন্ত নির্দিষ্ট নাম জানায়নি বলেও জানান তিনি। কমিশনার বলেন, “যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের নাম আমরাই বিশ্ব ব্যাংককে প্রস্তাব করেছিলাম। ইতোমধ্যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্ট রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে। আশা করছি কানাডীয় সরকার দ্রুত এর জবাব দেবে।” এর আগে সোমবার দুদক চেয়ারম্যান গোলাম রহমান জানিয়েছিলেন এসএনসি-লাভালিনের কর্মকর্তা রমেশ শাহের ডায়েরিতে পাওয়া পদ্মাসেতু প্রকল্পের ঘুষের তালিকা দুদকের অনুসন্ধান টিমের হাতে না এলেও দুর্নীতির অনুসন্ধান প্রতিবেদন দেয়া সম্ভব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/২০২৬ ঘ.