২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটিস্টিকদের কল্যাণে ট্রাস্ট গঠনে আইনের খসড়া প্রকাশ

অটিজম আক্রান্তদের সহায়তা দিতে জাতীয় পর্যায়ে একটি ট্রাস্ট গঠনের লক্ষ্যে এ সংক্রান্ত নতুন আইনের খসড়া প্রকাশ করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 02:15 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটিজম আক্রান্তদের সহায়তা দিতে জাতীয় পর্যায়ে একটি ট্রাস্ট গঠনের লক্ষ্যে এ সংক্রান্ত নতুন আইনের খসড়া প্রকাশ করেছে সরকার। ‘অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, বুদ্ধি ও অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে জাতীয় ট্রাস্ট আইন, ২০১২’ শীর্ষক এই খসড়াটির বিষয়ে আগামী ১১ নভেম্বরের মধ্যে মতামত পাঠাতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার আইনের খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.msw.gov.bd) প্রকাশ করা হয়। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার ই-মেইলে (msw.institution2010@gmail.com) সংশ্লিষ্ট সবাইকে মতামত পাঠাতে বলা হয়েছে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, বুদ্ধি ও অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণ নিশ্চিত করতে ‘অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, বুদ্ধি ও অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে জাতীয় ট্রাস্ট’ নামে একটি ট্রাস্ট গঠনের উদ্দেশ্যে এ আইন প্রণয়ন করা হচ্ছে। এতে অটিজম সম্পর্কে বলা হয়, অটিজম হচ্ছে মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের প্রতিবন্ধকতা, যা একটি শিশুর জন্মের তিন বছরের মধ্যে প্রকাশ পায়। অটিজম আক্রান্ত শিশু বা ব্যক্তি তার বয়সোপযোগী মৌখিক বা অমৌখিক যোগাযোগ, সামাজিক আচরণ, ভাব বিনিময় ও কল্পনাযুক্ত খেলাধুলা করতে পারেনা, একই ধরনের আচরণের পুনরাবৃত্তি ঘটায়। সাধারণত অটিস্টিক ব্যক্তির চেহারা বা শারীরিক গঠন ও বিকাশ স্বাভাবিক মানুষের মতো থাকে, তাই তাদের প্রতিবন্ধিতা সহজে চোখে পড়েনা। এতে আরো বলা হয়, , এই আইন কার্যকর হওয়ার পর সরকার যত দ্রুত সম্ভব আইন অনুযায়ী ‘অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, বুদ্ধি ও অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে জাতীয় ট্রাস্ট’ গঠন করবে। ঢাকায় কেন্দ্রীয়ভাবে এর একটি কার্যালয় থাকবে। তবে প্রয়োজনে বাংলাদেশের যেকোনো স্থানে এ ট্রাস্টের শাখা কার্যালয় স্থাপন করতে পারবে ট্রাস্টি বোর্ড। প্রতিবন্ধিতা বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হবে। এতে সরকার একজনকে চেয়ারপারসন নিয়োগ করবে। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদাধিকার বলে এতে সদস্য সচিব হবেন। এছাড়া সংশ্লিষ্ট প্রতিবন্ধী ব্যক্তি বা তাদের অভিভাবক প্রতিনিধিদের মধ্য থেকে সরকার মনোনীত সাতজন সদস্য, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং দুইজন ব্যবসায়ী প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা এতে সদস্য হিসেবে থাকবেন। প্রস্তাবিত আইনে প্রধানমন্ত্রীকে বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদও রাখার বিধান রাখা হয়েছে। অর্থ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা এ পরিষদের সদস্য হবেন। সমাজকল্যাণ সচিব এর সদস্য সচিব হবেন। এছাড়া প্রতিবন্ধীদের শিক্ষা ও প্রশিক্ষণের জন্য একটি জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠা, দেশের প্রতিটি হাসপাতালে তাদের জন্য একটি আলাদা কর্নার বা ইউনিট প্রতিষ্ঠা, তাদেও কর্মসংস্থান নিশ্চিতে উদ্যোগ গ্রহণ এবং উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তির ভোগ-দখল নিশ্চিত করারও বিধান রাখা হয়েছে। এ আইনের আওতায় গঠিত ট্রাস্টের নিজস্ব তহবিল থাকবে। এ তহবিলে সরকার ১০০ কোটি টাকা অনুদান দেবে। তবে ব্যক্তি পর্যায়েও এ ট্রাস্টে অর্থ সহায়তা দেয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০০০ ঘ. • অটিজম আইনের খসড়া