২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর প্রতি সহিংসতা বন্ধে নতুন গ্রুপ হচ্ছে

শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সার্কভুক্ত আটটি দেশের সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে নতুন একটি গ্রুপ গঠন করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 03:11 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সার্কভুক্ত আটটি দেশের সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে নতুন একটি গ্রুপ গঠন করা হচ্ছে। মঙ্গলবার ঢাকায় এ দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালায় এ সংক্রান্ত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং নতুন গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। দক্ষিণ এশিয়াভিত্তিক ‘দি সাউথ এশিয়া ইনিশিয়েটিভ টু এন্ড ভায়োলেন্স অ্যাগেইনস্ট চিলড্রেন (সেইভেচ)’-কে বাংলাদেশে কার্যকর করতে ‘জাতীয় কার্যক্রম ও সমন্বয় গ্রুপ (এনএসিজি)’ গঠন করা হবে। কর্মশালায় এ অঞ্চলের শিশুর প্রতি সহিংসতার চিত্র তুলে ধরে প্রতিবেদনও উপস্থাপন করা হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জানান, এ মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করছে। ঢাকার বিয়াম মিলনায়তনে মঙ্গলবার সকাল ১১টায় এ কর্মশালা শুরু হচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমীন চৌধুরী এর উদ্বোধন করবেন। বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান ও মালদ্বীপের সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এ কর্মশালায় যোগ দেবেন। আবুল খায়ের জানান, জাতীয় কার্যক্রম ও সমন্বয় গ্রুপ (এনএসিজি) গঠনের পর এর প্রতিনিধিরা নিজ নিজ দেশের বিভাগ ও জেলা পর্যায়েও এ ধরনের গ্রুপ গঠন করবেন। বাংলাদেশসহ এ অঞ্চলের ঝুঁকিতে থাকা শিশু, ক্ষতিগ্রস্ত শিশু এবং শিশুস্বার্থ রক্ষায় কর্মরত সংগঠনের প্রতিনিধিরা এতে উপকৃত হবেন। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, সুরক্ষা ও আইনগত সহায়তা প্রদান, শিশুর প্রতি সহিংসতা সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ এবং পেশাগত প্রশিক্ষণ ও সহযোগিতা দিতে কাজ করবে এনএসিজি। ২০০৫ সালে ইসলামাবাদে আঞ্চলিক পরামর্শ সভায় সেইভেচ গঠন করা হয়। এর সদরদপ্তর স্থাপিত হয় নেপালে। এতদিন সেখানেই এর কার্যক্রম চলে। এ কর্মশালার মাধ্যমে বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোতে এ কার্যক্রমের বিস্তৃতি ঘটবে। আফগানিস্তানের ডেপুটি মিনিস্টার ওয়াসিল নূর মুহাম্মদ সেইভেচ’র বর্তমান চেয়ারম্যান। সেইভেচ সদর দপ্তরের মহাপরিচালক হিসেবে রয়েছেন ড. রিনচেন কোফেল। বাংলাদেশে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ড. আমিনুল ইসলাম এর সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১০৪ ঘ.