ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে করা মামলা প্রত্যাহারে প্রাণনাশের হুমকি প্রদানের বিষয়ে প্রতিবেদন চেয়েছে হাই কোর্ট।
বাদী মোসাম্মাৎ লিপি আক্তারের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতের এই আদেশের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা বিভাগীয় পুলিশের মহাপরিদর্শক, ময়মনসিংহের জেলা পুলিশ সুপারকে আগামী ১৩ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সেইসঙ্গে ওই নারীর [বাদি] নিরাপত্তা নিশ্চিতেও বিবাদীদের নির্দেশ দিয়েছে আদালত।
ধর্ষণ চেষ্টার মামলা প্রত্যাহারে থানার ওসি ও এসআই কর্তৃক বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা তদন্তে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চেয়েছে উচ্চ আদালত।
পুলিশের মহাপরিদর্শক, ঢাকা বিভাগীয় পুলিশের মহাপরিদর্শক, ময়মনসিংহের জেলা পুলিশ সুপার, স্বরাষ্ট্র সচিব, ফুলপুর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওই থানার উপপরিদর্শক আনোয়ার হোসেনকে ২ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়।
আদালতে লিপি আক্তারের পক্ষে অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান শুনানি করেন।
রিট আবেদনে বলা হয়, প্রতিবেশীর হাতে প্রহৃত হয়ে থানায় মামলা করলে ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন বাদী লিপি আক্তারকে কোয়ার্টারে ডেকে ধর্ষণের চেষ্টা করেন। বাদী ওই পুলিশ কর্মকর্তার নামের ব্যাজ ও দুটি র্যাংক ব্যাজ নিয়ে দৌড়ে থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলমের কাছে বিচার চেয়েও কোনো প্রতিকার পাননি।
“পরে গত ২২ অগাস্ট ময়মনসিংহ আদালতে মামলা করতে গেলে ওই এসআই তাকে তুলে নিয়ে একদিন আটকে রাখে। ২৬ অগাস্ট তিনি আবার আদালতে গেলে তাকে দ্বিতীয়বারের মত তুলে নিয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত গাজীপুরে আটকে রাখে।”
আবেদনে আরো বলা হয়, সেখান থেকে বাদী কৌশলে পালিয়ে আসার পর ৯ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।
ওই মামলা প্রত্যাহারে তারা তাকে অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছে বলেও রিট আবেদনে উল্লেখ করা হয়।
গত ১০ সেপ্টেম্বর দৈনিক যুগান্তরে ‘ফুলপুরের ওসি ও দারোগার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি যুক্ত করে এই রিট আবেদনটি দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৮২০ ঘ.
bdnews24