বাগেরহাট, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন থেকে শিকার করে আনা হরিণের মাংস ও চামড়াসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।
সোমবার ভোরে সুন্দরবন পশ্চিম বিভাগের শেখবাড়িয়া খাল এলাকা থেকে সাঈদ শেখকে (২৮) গ্রেপ্তার করা হয়। তিনি খুলনার কয়রা উপজেলার খাসিটানা গ্রামের আবু ইছা শেখের ছেলে।
মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার মোস্তাফিজুর রহমান জানান, কোস্টগার্ডের নিয়মিত টহলদল শেখবাড়িয়া খালের পাড়ে সাঈদকে ব্যাগ হাতে দাঁড়ানো দেখতে পায়। সন্দেহ হলে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে সাত কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
পরে তার দেয়া তথ্য অনুয়ায়ী পাশের একটি ঝোপ থেকে চারটি হরিণের চামড়া উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সাঈদ স্বীকার করেছে, রোববার তারা কয়েকজন সুন্দরবন থেকে চারটি হরিণ শিকার করে।
মাংস ও চামড়াসহ সাঈদকে সুন্দরবন পশ্চিম বিভাগের খাসিটানা বন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৭৪০ ঘ.
bdnews24