ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে বিশ্ব ব্যাংকের সমঝোতা হলে দীর্ঘ ছুটিতে যেতেও আপত্তি নেই বলে জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্প নিয়ে চাপের মধ্যে থাকা মসিউর রহমান।
ছুটি শেষে কাজে যোগ দেয়া নিয়ে আলোচনার মধ্যে এ নিয়ে অর্থমন্ত্রীর বিবৃতির পর রোববার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের বলেন, “সরকারের সঙ্গে বিশ্ব ব্যাংকের কোনো আন্ডারস্ট্যান্ডিং যদি হয়ে থাকে, প্রধানমন্ত্রী ও সরকার যদি তাতে সম্মত হয়ে থাকে, তবে আরো দীর্ঘ ছুটিতে থাকতেও আমার কোনো আপত্তি নেই।”
পদ্মা সেতু প্রকল্প নিয়ে বিশ্ব ব্যাংকের তোলা দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদের পর একথা বলেন প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউর।
বিশ্ব ব্যাংকের ‘শর্ত মেনে’ ছুটিতে যাওয়ার এক মাসের মাথায় মসিউরের কাজে যোগ দেয়া নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষাপটে সরকারের অবস্থান জানিয়ে রোববার বিকালে অর্থমন্ত্রী এক বিবৃতিতে বলেন, বহুজাতিক ঋণদাতা সংস্থাটির সঙ্গে সরকারের সমঝোতার কোনো ব্যত্যয় এখন পর্যন্ত হয়নি।
“বিশ্ব ব্যাংকের সঙ্গে বিস্তর আলোচনার পর আমাদের যে সব বিষয়ে সমঝোতা হয়েছিল, আজ পর্যন্ত তার কোনো ব্যত্যয় হয়নি। সরকার বিশ্ব ব্যাংককে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পালনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।”
দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিলের পর সরকারের নানামুখী তৎপরতায় তাদের সিদ্ধান্ত বদলায়।
তবে অন্য কয়েকটি শর্তের সঙ্গে প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউরকে ছুটিতে পাঠানোর কথাও বলে বিশ্ব ব্যাংক। এরপর গত ১৭ সেপ্টেম্বর মসিউর ছুটিতে যাওয়ার তিনদিন পরই বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে ফিরে আসার কথা জানায়।
এরপর গত ১ নভেম্বর মসিউর কাজে যোগ দেয়ায় তাতে বিশ্ব ব্যাংকের শর্ত ভঙ্গ হয়েছে বলে আলোচনা ওঠে, যার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রীর বিবৃতি আসে।
বহুল আলোচিত ছুটির বিষয়ে মসিউর বলেন, “এ বিষয়ে ক্লিয়ার করার কিছু নেই। আমি ছুটি নিয়েছি, ছুটি শেষে ফিরে এসেছি।”
তবে মসিউরের এক মাস ছুটিতে থাকা নিয়ে সরকারের পক্ষ থেকে কখনোই স্পষ্ট কোনো বক্তব্য আসেনি। তাকে এক মাসের ছুটিতে পাঠানো হয় বলে সংবাদ মাধ্যমে যে কথা বলা হয়েছিল, সরকারের পক্ষ থেকে তাও অস্বীকার করা হয়নি।
তবে গত ২০ সেপ্টেম্বর বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে ফেরার ঘোষণা দিলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, পদ্মা সেতুসহ অর্থ সংক্রান্ত সরকারি সব ধরনের কর্মকাণ্ড থেকে মসিউরকে বাদ দেয়া হয়েছে।
প্রয়োজনে দীর্ঘদিন ছুটিতে থাকার বিষয়ে নিজের অনাপত্তির কথা জানিয়ে মসিউর বলেন, “আমি সেই আলোচনায় (বিশ্ব ব্যাংকের সঙ্গে) কোনো বাধার সৃষ্টি করব না। আলাচনায় যেন বাধার সৃষ্টি না হয়, আমি সেই কাজটি করব। আমার থাকা না থাকাটা গৌণ বিষয়।”
বিশ্ব ব্যাংক যে দুর্নীতির অভিযোগ তুলেছে, তার কোনো প্রমাণ নেই দাবি করে প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর বলেনন, “এই অপবাধ বা দুর্নামটা কী, তা আমি কিছু জানি না। বিশ্ব ব্যাংক যদি আপনাদের (সাংবাদিক) কিছু দেয়, তা আপনারা কাগজে ছাপান।
“যদি না দিয়ে থাকে, তবে আপনাদের বলবে, দেশপ্রেমিক হিসেবে অপপ্রচার থেকে সরে এসে আপনারা সত্যি কথাটা জানাবেন।”
বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তোলার পর এই বিষয়ে তদন্ত শুরু করে দুদক। এর অংশ হিসেবে দুদকের তলবে রোববার সেগুন বাগিচায় কমিশনের কার্যালয়ে যান মসিউর।
কী নিয়ে জিজ্ঞাসাবাদ হয়েছে- জানতে চাইলে মসিউর বলেন, “দুদকের সঙ্গে কথা অত্যন্ত গোপনীয়। দুদক যদি যদি বলতে চায়, বলতে পারে। আর যদি মামলা হয়, তাহলে ওপেন কোর্টে বক্তব্য তো আপনারা জানবেনই।”
মসিউরের ছুটি নিয়ে আলোচনার মধ্যে দুদক চেয়ারম্যান গোলাম রহমান রোববার সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক এই উপদেষ্টার ছুটিতে থাকা না থাকা তাদের তদন্তে কোনো প্রভাব ফেলবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসডাব্লিও/এএল/এমআই/১৮৩০ ঘ.
bdnews24