২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

’৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবিতে গণঅনশন

সংবিধান থেকে সা¤প্রদায়িক, অগণতান্ত্রিক ও জাতিবৈষম্যমূলক ধারাসমূহ বাতিল ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করেছে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 04:00 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান থেকে সা¤প্রদায়িক, অগণতান্ত্রিক ও জাতিবৈষম্যমূলক ধারাসমূহ বাতিল ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করেছে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটি। রোববার সকালে বাহাত্তরের সংবিধান প্রণয়নের ৪০তম বার্ষিকীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় কমিটির আহ্বায়ক কামাল লোহানী বলেন, “সংবিধানের মূল স্তম্ভ ধর্মনিরপেক্ষতা লেখা থাকবে আবার শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে এটা কপটতা ছাড়া কিছুই নয়।” রামু, উখিয়া ও পটিয়ায় বৌদ্ধমন্দির ও বসতিতে হামলা, সাতক্ষীরা ও চিরির বন্দরে সংখ্যালঘু নিপীড়নের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, “আজ জাতির কপালে যে কলঙ্কতিলক লেপন করা হয়েছে তা কোনোদিনই মুছে ফেলা যাবে না।” সংবিধানের ৫ম ও ৭ম সংশোধনী বাতির করে উচ্চ আদালতের রায় ও ২০০৮ সালের নির্বাচনে মহাজোটের অভূতপূর্ব বিজয় বাহাত্তরের সংবিধানের মূল বৈশিষ্ট ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি করলেও তা না হওয়াকে মহাজোট সরকারের ‘কপটতা’ হিসাবে আখ্যায়িত করেন লোহানী। সকাল ১০টা থেকে ছয় ঘণ্টাব্যাপী এই অনশন কর্মসূচি চলে। কামাল লোহানী জানান, স্পিকারের মাধ্যমে সংসদ সদস্যদের বরাবর একটি স্মারকলিপি দেয়া হবে। এর পরও কোনো ব্যবস্থা না নেয়া হলে সবার অংশগ্রহণে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে। অনশন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতারা সংহতি জানিয়ে বক্তব্য রাখেন। কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স ও আহসান হাবিব লাবলু, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাগিব আহসান মুন্না প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/২১৫৬ ঘ.