নাটোর, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট বছর স্থগিত থাকার পর নাটোরের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মমতাজউদ্দীন হত্যা মামলার বিচার শুরু হয়েছে।
রোববার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক একরামুল হক চৌধুরীর আদালতে বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্যদিয়ে চাঞ্চল্যকর এ মামলার বিচার শুরু হয়। সোমবারও সাক্ষ্যগ্রহণ হবে।
আদালতে জবানবন্দি দেয়ার পর বাদী আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, তিনি সুবিচার আশা করছেন।
২০০৩ সালের ৬ জুন রাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন নাটোর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মমতাজউদ্দীন। পরদিন তার ভাই আবুল কালাম আজাদ বাদী হয়ে হত্যা মামলা করেন।
প্রথমে পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত করলেও বাদীর আবেদনে আদালত তা সিআইডিতে হস্তান্তরের নির্দেশ দেয়।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে সিআইডি নাটোরের আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি আনিসুর রহমানসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। তবে সে তদন্ত নিয়েও প্রশ্ন ওঠে।
২০০৩ সালের ১৩ অক্টোবর আদালত ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে পুনরায় তদন্তের নির্দেশ দেয়। সিআইডির তৎকালীন সহকারী পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র তদন্ত শেষে ২০০৪ সালের ২৭ জানুয়ারি আগের মতোই অভিযোগপত্র দেন।
বাদী আবুল কালাম আজাদ এর বিরুদ্ধেও নারাজি আবেদন দেন। তিনি চারদলীয় জোট সরকারের প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলসহ ১৬ জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ করেন।
তখন নাটোরের দায়রা জজ আদালত ২০০৪ সালের ২০ মার্চ মামলার বিচার বিভাগীয় তদন্তের জন্য ম্যাজিস্ট্রেট ওয়ালিউল ইসলামকে দায়িত্ব দেয়। ম্যাজিস্ট্রেট সিআইডির দেয়া প্রতিবেদনের আটজনসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দেন।
পরে মামলাটি রাজশাহীতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করা হয়। সেই আদালতও বিচার বিভাগীয় প্রতিবেদন আমলে নেন।
এতে ক্ষুব্ধ হয়ে বাদী মামলাটি স্থগিতের জন্য ওই বছরই হাই কোর্ট আবেদন করেন। এই বছর তিনি স্থগিতের আবেদন প্রত্যাহার করলে পুনরায় বিচার শুরু হল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৩০ ঘ.
bdnews24