২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনির বাড়ির দারোয়ানের বাবাকে জিজ্ঞাসাবাদ

নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির বাড়ির নিখোঁজ দারোয়ান হুমায়ুনের বাবা মকবুল হোসেন কালাকে রোববার সদর দপ্তরে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 01:51 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির বাড়ির নিখোঁজ দারোয়ান হুমায়ুনের বাবা মকবুল হোসেন কালাকে রোববার সদর দপ্তরে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব। মৌলভীবাজারের বাসিন্দা মকবুল সকালে র‌্যাব কার্যালয়ে যান। দুপুর আড়াইটা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন। এই বছরের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের যে ফ্ল্যাটে সাগর সরওয়ার ও মেহেরুন রুনি খন হন, ওই বাড়ির দারোয়ান ছিলেন হুমায়ুন। হত্যাকাণ্ডের পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। হুমায়ুনকে গ্রেপ্তারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছে। হত্যাকাণ্ডে ‘জড়িত’ এই দারোয়ানসহ সাতজনকে চিহ্নিত করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মকবুলের কাছে তার ছেলে সম্পর্কে তথ্য নেয়ার চেষ্টা করা হয়েছে। আলোচিত এই মামলার তদন্তের দায়িত্ব র‌্যাব নেয়ার পর নিখোঁজ হুমায়ুনের মোবাইল সেট গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তার ভাইয়ের কাছ থেকে র‌্যাব উদ্ধার করে। পরে গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ এনে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়। এদিকে এ মামলার যেসব আলামত ডিএনএ পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে, তার প্রতিবেদন এখনো আসেনি বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৯৪৫ ঘ.