ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) ও ভিসা প্রকল্পের জন্য নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান আইআরআইএস করপোরেশনের কাজের মেয়াদ ২০১৪ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এজন্য প্রতিষ্ঠানটির জনবল নিয়োগসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনারও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভাকক্ষে কমিটির এক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। পরে একইস্থানে অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়।
অর্থমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, এমআরপি ও এমআরভির জন্য নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান যাতে কাজ চালিয়ে যেতে পারে- সেজন্য আর্থিক সুবিধা নিশ্চিত করাসহ জনবল নিয়োগ, সফটওয়ার রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রপাতি কেনার প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। এর ফলে আগামী ২০১৪ সালের মধ্যে দেশের সব নাগরিককে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট দেয়া সম্ভব হবে।
অবশ্য এতে এমআরপি প্রকল্পের ব্যয় ‘কিছুটা’ বাড়বে বলে জানান মুহিত।
প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এবং চুক্তির মেয়াদ না বাড়ানোয় আইআরআইএস করপোরেশন প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছিল।
মুহিত বলেন, ভোলার চরফ্যাশন ও মনপুরা শহর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প অনুমোদন দেয়া হয় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে।
এছাড়া গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) তিনটি গ্যাস সঞ্চালন পাইপ লাইন নির্মাণ প্রকল্পের সর্বনিম্ন দরদাতার আর্থিক প্রস্তাব এবং ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাবও কমিটির অনুমোদন পেয়েছে। ‘মহেশখালী-আনোয়ারা’, ‘বিবিয়ানা-ধনুয়া’ ও ‘আশুগঞ্জ-বাখরাবাদে’ এসব পাইপলাইন হবে।
চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে চারটি দেশ থেকে ফার্নেস অয়েল আমদানির পরিমাণ এবং এর প্রিমিয়ামও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।
মালয়েশিয়ার পেটকো, সংযুক্ত আরব আমিরাতের ইনোক, ভিয়েতনামের পেট্রোলিমেক্স এবং ইন্দোনেশিয়ার বিএসপি থেকে এই ফার্নেস অয়েল আমদানি করা হবে।
কক্সবাজারে ৬০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের একটি প্রকল্প বৈঠকে উপস্থাপন করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। প্রস্তাবে কিছুটা পরিবর্তনের প্রয়োজন থাকায় তা প্রত্যাহার করা হয় বলে অর্থমন্ত্রী জানান।
তবে বিদ্যুৎ খাতের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ‘আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ’ দিতে প্রায় ৫৪ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন পেয়েছে।
বিদ্যুৎ খাতের ক্ষমতা বৃদ্ধি কর্মসূচির (পিএসসিডিপি) আওতায় এ প্রকল্পের কাজ পেয়েছে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৬৩৩ ঘ.
bdnews24