২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু: দুদকের জিজ্ঞাসাবাদে মসিউর

পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 06:30 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনার সকালে আসার কথা ছিল। তবে উনি আমাদের জানিয়ে বিকালে এসেছেন।” গত বছর সেপ্টেম্বরে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলার পর সরকারকে কয়েকটি শর্ত দেয় বিশ্ব ব্যাংক। শর্তগুলো পালন হয়নি- এমন অভিযোগে গত জুনে এক দশমিক দুই বিলিয়ন ডলারের ঋণচুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক। এরপর সরকারের নানা উদ্যোগে শর্তসাপেক্ষে পদ্মা সেতু প্রকল্পে ফিরে আসার ঘোষণা দেয় ওয়াশিংটনভিত্তিক এই ঋণদাতা সংস্থা। বিশ্ব ব্যাংকের শর্তের মধ্যে পদ্মা সেতু প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউরকে ছুটিতে পাঠানোর শর্তও ছিল। শর্তের অংশ হিসাবে দুদকের তদন্ত পর্যবেক্ষণে বিশ্ব ব্যাংকের একটি দল চলতি মাসেই ঢাকা ঘুরে যায়। নভেম্বরে দ্বিতীয় দলটির ঢাকা আসার কথা রয়েছে। গত ২০ সেপ্টেম্বর বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে ফিরে আসার পর অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, পদ্মা সেতুসহ অর্থ সংক্রান্ত সরকারি সব ধরনের কর্মকাণ্ড থেকে মসিউরকে বাদ দেয়া হয়েছে। তবে গত ১ নভেম্বর কাজে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, এক মাসের ছুটি শেষ হওয়ায় তিনি কাজে ফিরেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/১৫২০ ঘ.