ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিম্ন আদালতের বিচারকদের বেতন ভাতা বৃদ্ধি সম্পর্কিত পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারকে আরো এক মাস সময় দেয়া হয়েছে।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ সোমবার এ বিষয়ে শুনানি আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করে দেয়। এই সময়ের মধ্যে পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে সরকারকে নির্দেশ দেয় আদালত।
এর আগে সর্বশেষ গত ১ অক্টোবর আপিল বিভাগ সরকারকে এক মাস সময় বেঁধে দিয়েছিল সুপারিশ বাস্তবায়নের জন্য। তবে রাষ্ট্রপক্ষ পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করে বিচারকদের বেতন শতকরা ২০ ভাগ বৃদ্ধির কথা আদালতকে জানায়।
রোববারের শুনানিতে আদালত সরকারকে পে কমিশন বাস্তবায়ন করে অগ্রগতি প্রতিবেদন জমা দেয়ার তারিখ বেঁধে দিয়ে শুনানি মুলতবি করে দেয়।
২০০৯ সালে গঠিত এই পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য আদালত এর আগে আইন সচিব, অর্থ সচিব ও মন্ত্রিপরিষদ সচিবকে ১ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিল। এই আদেশ এসেছিল বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কিত মাজদার হোসেন মামলায় সর্বোচ্চ আদালতের রায়ের ধারাবাহিকতায়। কিন্তু রাষ্ট্রপক্ষ আদেশ বাস্তবায়নে ধারবাহিকভাবে সময় নিয়ে আসছে।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রোববার একটি গেজেট আদালতে জমা দেন। এতে জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের সুপারিশ অনুসারে বিচারিক ভাতা মূল বেতনের ৩০ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ করার কথা বলা হয়। এছাড়া বার্ষিক ৫ হাজার টাকা পোশাক ভাতা এবং আপ্যায়ন ও চৌকি ভাতার কথাও বলা হয় এতে।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা শুনানিতে বলেন, সরকার নিম্ন আদালতের বিচারকদের বিচারিক ভাতা শতকরা ৩০ ভাগের পরিবর্তে ৫০ ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে।
এ সময় আদালত বারবার পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিষয়ে জানতে চায়। পরে আদালত শুনানি মুলতবি করার আদেশ দেয়।
পে কমিশনের সুপারিশে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতনের সমান পরিমাণে বিচারিক ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। এই ভাতা ২০০৯ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা।
ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল শহরে মূল বেতনের শতকরা ৬৫ ভাগ, অন্যান্য জেলার জন্য ৫৫ ভাগ এবং চৌকি আদালতগুলোর জন্য ৫০ ভাগ বাসা ভাড়া দেওয়ার কথা বলা হয় কমিশনের সুপারিশে।
এছাড়া আপ্যায়ন ভাতা, গৃহকর্মী ভাতা, পোশাক ভাতা, ট্রান্সপোর্ট সুবিধা এবং চৌকি ভাতার কথা উল্লেখ করে কমিশনের সুপারিশে বলা হয়, অন্য সরকারি চাকরিজীবীরা যেসব সুযোগ সুবিধা পান- বিচারিক সদস্যদের জন্যও তা প্রযোজ্য হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১১৫০ ঘ.
bdnews24