ঝালকাঠী, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠী জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের (জাসাস) এক নেতাকে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব।
জেলা জাসাসের সাধারণ সম্পাদক জহিরুল হক সোহেল ঝালকাঠী-১ আসনে বিএনপি দলীয় সাবেক সাংসদ শাহজাহান ওমরের আত্মীয় হিসাবে এলাকায় পরিচিত। তিনি রাজাপুর উপজেলার পিংরি গ্রামের ফজলুল হক খলিফার ছেলে।
র্যাব-৮ সদস্যরা শনিবার রাতে তাকে গ্রেপ্তার করার পর রোববার ভোরে থানায় সোপর্দ করে।
ঝালকাঠী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার রাত সাড়ে ১০টার দিকে গাবখান সেতু এলাকায় র্যাব সদস্যরা মোটর সাইকেল আরোহী দুই যুবককে থামায়।
মোটর সাইকেল থামার পর সোহেলের দেহ তল্লাশি করে পিস্তল ও তিনটি গুলি পাওয়া যায়। তবে মোটরসাইকেলের চালক মো. রুবেল এ সময় পালিয়ে যায় বলে এএসআই হালিম জানান।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে সোহেল ও রুবেলের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৩০ ঘ.
bdnews24