২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ-চুয়াডাঙ্গায় দুর্ঘটনায় নিহত ৫

হবিগঞ্জ ও চুয়াডাঙ্গায় শনিবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2012, 10:48 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

হবিগঞ্জ/চুয়াডাঙ্গা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ ও চুয়াডাঙ্গায় শনিবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত তিনজন। দুপুর সাড়ে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কে আন্দিউড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহতরা হলেন, মাধবপুর উপজেলার পানিহাতা গ্রামের সজল দেব (৩২) এবং একই উপজেলার গোপালপুর গ্রামের ইলিয়াস মিয়া (৩৫)। স্থানীয়দের বরাত দিয়ে মহাসড়ক পুলিশের শায়েস্তাগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সিলেট থেকে ঢাকাগামী পাথরবোঝাই ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। ট্রাকচাপায় ঘটনাস্থলেই অটোরিকশা চালক ইলিয়াস ও যাত্রী সজল নিহত হয়। আহত তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গার দুর্ঘটনা ঘটে দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের তালতলায়। নিহতরা হলেন, দামুড়হুদার কলাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে আনোয়ার (২৫) ও দিলু মন্ডলের ছেলে নয়ন (২১)। তারা দুজনই একটি মোটর সাইকেলে ছিলেন। দামুড়হুদা থানার এসআই ওমর ফারুক জানান, চুয়াডাঙ্গা থেকে দর্শনা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের নিচে চাপা পড়েন মোটর সাইকেল আরোহী নয়ন ও আনোয়ার। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। এদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক ছাত্র নিহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে দর্শনা-ডিঙ্গেদহ সড়কে এ দুর্ঘটনায় নিহতের নাম সিজান হোসেন (৬)। সে ডিঙ্গেদহের মনিরা বিদ্যাপিঠের কেজি শ্রেণীর ছাত্র। তার বাবা ফুলবাড়ি গ্রামের বাবলু হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৩৫ ঘ.