২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালুকায় দুর্ঘটনায় এমপি মতিউরের ছেলের মৃত্যু

পেশায় চিকিৎসক মুশফিকুর রহমান শুভ মোটর সাইকেলে চড়ে ঢাকা যাওয়ার পথে বাসচাপায় প্রাণ হারান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2012, 03:00 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ময়মনসিংহ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্য মতিউর রহমানের ছেলে মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনায় নিহত মুশফিকুর রহমান শুভ (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন। মোটর সাইকেলে চড়ে গাজীপুর যাওয়ার পথে শুভ দুর্ঘটনায় পড়েন বলে ভালুকা থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৬টার দিকে ভরাডোবা এলাকায় একটি বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান শুভ। শুভর লাশ ময়মনসিংহ নিয়ে যাওয়া হয়েছে। আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রথম এবং আকুয়া মোড়লবাড়ি মসজিদের সামনে দ্বিতীয় জানাজা শেষে বিকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মুশফিকুর রহমান শুভর বাবা মতিউর রহমান ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগেরও সভাপতি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৩১২ ঘ.