শামীম আহমেদ
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খসড়া নীতিমালায় প্রস্তাবিত মূল্যের চেয়ে কম দামে থ্রিজি লাইসেন্স পেতে যাচ্ছে মোবাইল ফোন অপারেটরা।
অপারেটরদের জন্য তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবার (থ্রি জি) লাইসেন্সের নিলামের প্রতি মেগাহার্টজ তরঙ্গের জন্য ‘বিড মানি’ ১ কোটি ডলার কমানোর প্রস্তাব করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
থ্রি জি খসড়া নীতিমালায় প্রতি মেগাহার্টজ তরঙ্গের জন্য বিড মানি (ন্যূনতম দর) ৩ কোটি ডলার নির্ধারণ করা হয়। সম্প্রতি টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে তরঙ্গ মূল্য নির্ধারণের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে তা ২ কোটি ডলার প্রস্তাব করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
পাঁচটি মোবাইল অপারেটরকে ১০ মেগাহার্টজ করে মোট ৫০ মেগাহার্টজ তরঙ্গ নিলামের সিদ্ধান্ত নিয়ে খসড়া নীতিমালা করা হয়। এ হিসোবে প্রতি মেগাহার্টজে ১ কোটি ডলার কমানোয় মোট নিলামের ‘বিড মানি’ কমবে ৫০ কোটি ডলার।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থ্রি জি খসড়া নীতিমালা নিয়ে স্টেকহোল্ডার, বিশেষজ্ঞ ও সাধারণের মতামত নেয়া হয়েছে, মোবাইল অপারেটররা থ্রি জি লাইসেন্স নেয়ার পর ভোক্তারা যাতে সুলভ মুল্যে এ সেবা পেতে পারে, তা বিবেচনা করেই প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম নির্ধারণের সুপারিশ করা হয়েছে।”
“থ্রি জি নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম নির্ধারণের জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে, কিছু দিনের মধ্যেই তা চূড়ান্ত হওয়ার কথা,” যোগ করেন তিনি।
নভেম্বরে প্রাথমিকভাবে নীতিমালা চূড়ান্ত করে বিটিআরসিসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে। ডিসেম্বরের মধ্যেই এ নীতিমালা চূড়ান্ত করার কথা রয়েছে।
নীতিমালা চূড়ান্ত হওয়ার পর বিটিআরসি নিলামের জন্য প্রস্তুতি নেবে বলেও জানান সাবেক এই টেলিযোগাযোগ সচিব।
আগামী জানুয়ারিতে তৃতীয় প্রজন্মের মোবাইল সেবা (থ্রি জি) লাইসেন্স নিলামের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয় ও নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি।
গত ২৮ মার্চ থ্রি জি মোবাইল সার্ভিস লাইসেন্সের খসড়া নীতিমালা মন্ত্রণালয়ে জমা দেয় বিটিআরসি, যাতে পাঁচটি অপারেটরকে লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/০৮৪০ ঘ.
bdnews24