নয়া দিল্লি, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবাধ নৌ চলাচল এবং সমুদ্র পথে নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করেছে বাংলাদেশ ও ভারতসহ ভারত মহাসাগরীয় অঞ্চলের ১৯টি দেশ।
এ অঞ্চলের দেশগুলোর ব্লক ইন্ডিয়ান ওস্যান রিম অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনের (আইওআর-এআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকে শুক্রবার সমুদ্রপথে পরিবহনে নিরাপত্তা নিশ্চিতে আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দেওয়া হয়।
নয়া দিল্লির অদূরে গুরগাঁওয়ে আইওআর-এআরসি’র মন্ত্রী পর্যায়ের দ্বাদশ বৈঠক শেষে এক ইশতেহারে বলা হয়, “ভারত মহাসাগরের ভৌগলিক কৌশলগত গুরুত্বকে খাটো করে দেখা যায় না। বিশ্ব অর্থনীতির সমৃদ্ধি এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য এর স্থিতিশীলতা ও কল্যাণ খুবই গুরুত্বপূর্ণ।”
আইওআর-এআরসি ব্লকের সদস্য দেশ ইরানের আপত্তি সত্ত্বেও এই বৈঠকে যুক্তরাষ্ট্রকে এর ষষ্ট সংলাপ অংশীদারের মর্যাদা দেয়া হয়েছে। ১৫ বছর আগে প্রতিষ্ঠিত এই ব্লকে এর আগে পাঁচ সংলাপ অংশীদার ছিল। তারা হলো- চীন, জাপান, ফ্রান্স, যুক্তরাজ্য ও মিশর।
নয়া দিল্লির অদূরে গুরগাঁওয়ে ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইন্ডিয়ান ওসান রিম অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনের মন্ত্রী পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
এ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়ার কথা থাকলেও শেষ মুহুর্তে তিনি তা বাতিল করেন।
ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর পারস্পারিক সহযোগিতার একটি পদক্ষেপ হিসেবে আইওআর-এআরসির জন্ম হয়। এ দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭ সালে মরিশাসে এর প্রতিষ্ঠা হয়।
এই ব্লকের অন্য সদস্যরা হলো- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মালয়েশিয়া, মাদাগাস্কার, মরিশাস, মোজাম্বিক, ওমান, সেশেল, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
এই ব্লকের পর্যবেক্ষক হিসেবে রয়েছে- ইন্ডিয়ান ওসান রিসার্চ গ্রুপ (আইওআরজে) ও ইন্ডিয়ান ওস্যান ট্যুরিজম অর্গানাইজেশন (আইওটিও)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এইচএ/২৩২৩ ঘ.
bdnews24