২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ২ ইলিশ ‘পাচারকারী’ গ্রেপ্তার

ইলিশ মাছ পাচারকারী সন্দেহে সাতক্ষীরা সদর থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 02:15 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

সাতক্ষীরা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিশ মাছ পাচারকারী সন্দেহে সাতক্ষীরা সদর থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে সাতক্ষীরা-ভোমরা সড়কের পাচানী এলাকায় তাদের গাড়ি থেকে ২০০ কেজি ইলিশ মাছও উদ্ধার করা হয়। গ্রেপ্তার দু’জন হলেন সাতক্ষীরা সদরের গোবরদাড়ী গ্রামের ইমান আলী সরদারের ছেলে সিদ্দিক আলী সরদার (৩০) এবং শ্রীরামপুর গ্রামের সিরাজ উদ্দীন সরদারের ছেলে জাকির হোসেন (৩২)। সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক হারান চন্দ্র পাল বলেন, সদর থানা পুলিশের একটি টহল দল সীমান্ত এলাকা থেকে শহরে ফেরার পথে পাচানী এলাকায় বিপরীতমুখী একটি প্রাইভেট কার পুলিশের পিকআপে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি রাস্তার একপাশে গিয়ে থেমে যায়। এসময় চালকসহ অন্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে স্থানীয় জনতার সহায়তায় দু’জনকে ধরে ফেলে। পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে আটটি ব্যাগে ২০০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে পুলিশ। সদর থানার ওসি গাজী মো. ইব্রাহিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তার দু’জন চিহ্নিত চোরাকারবারী। রপ্তানি বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারতে ইলিশ মাছ পাচার করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৫ ঘ.