ঝালকাঠী, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীতে ইসলামী ব্যাংকে চুরির ১৫ দিন পর জড়িত সন্দেহে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে যশোরের পালবাড়ি এলাকা থেকে আল-আমিন সিকদার ওরফে কালু (৩৫) এবং তার স্ত্রী আমেনা বেগমকে (৩০) গ্রেপ্তার করা হয়।
কালু বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার জিউদারী গ্রামের মোকছেদ সিকদারের ছেলে।
তাদের কাছ থেকে ৬৯ হাজার ৫০০ টাকা এবং সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে জানান ঝালকাঠী থানার পরিদর্শক (ওসি) আব্দুল মান্নান।
ঝালকাঠীর অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নেয়ার আবেদন করা হবে।
তিনি বলেন, এছাড়া এ ঘটনায় রতন ঢালি ও ময়না নামের অপর দু’জনকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
গত ১৭ অক্টোবর রাতে শহরের আড়তদারপট্টির ইসলামী ব্যাংক ঝালকাঠী শাখার ভল্ট থেকে ৭৭ লাখ টাকা চুরি হয়।
পরদির সকালে ওই ব্যাংকের নৈশ প্রহরী শামসুল হককে ব্যাংক ভবনটির চতুর্থ তলার এক ভাড়াটিয়ার øানঘরে অচেতন অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় ইসলামী ব্যাংক ঝালকাঠী শাখা ব্যবস্থাপক সরোয়ার হোসাইন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি চুরির মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৪৫ ঘ.
bdnews24