টাঙ্গাইল, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মির্জাপুরে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুই নারীসহ চার জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি সানোয়ার হোসেন জানান, শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওসি সানোয়ার জানান, লালমনিরহাট থেকে যাত্রী নিয়ে বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। ভোরে শুভুল্লায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাসের চালকসহ চার জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার নগদাবাস গ্রামের মো. নুরুল হক (২০), লাকী খানম (২৫) ও রিপা (১৮)। নিহত চালকের নাম জানা যায়নি।
আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯২৫ ঘ.
bdnews24